আসছে বাড়ি রং করার নির্দেশনা
রাজধানীর সৌন্দর্য বাড়াতে সব সরকারি-বেসরকারি দপ্তর ও বাড়ির বাইরের দেয়াল পলেস্তারা এবং রং করতে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর টিকাটুলীতে র্যা ব-৩ কার্যালয়ের সামনে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে এক অস্থায়ী মঞ্চে মেয়র এসব কথা বলেন। ডিএসসিসির ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ কর্মসূচি বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৩।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরে বহুতল ভবন ভাড়া দিয়ে মাসে মোটা অঙ্কের টাকা আয় করেন বাড়ির মালিকেরা। কিন্তু বাড়ির বাইরের দেয়ালে পলেস্তারা ও রং করেন না তাঁরা। কিন্তু শহরের সৌন্দর্য বাড়াতে তার গুরুত্ব অনেক। তাই ডিএসসিসির পক্ষ থেকে সব বাড়ির দেয়ালে পলেস্তারা ও রং করতে একটি নির্দেশনা দেওয়া হবে। বাড়ির মালিকেরা তা বাস্তবায়ন না করলে হোল্ডিং ট্যাক্স বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীতে দুই কোটির বেশি মানুষ হাজারো সমস্যার মধ্যে বসবাস করেছেন। ময়লা-আবর্জনায় পুরো শহর বসবাসের অযোগ্য হয়ে আছে। কিন্তু ডিএসসিসি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে সবাইকে পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব নয়। তাই প্রত্যেকের অবস্থান থেকে শহরকে নিজের বাড়ি মনে করে পরিষ্কার রাখতে হবে।
সাঈদ খোকন আরও বলেন, ঢাকা শহরে যত্রতত্র বাস-ট্রাক রেখে বিভিন্ন রাস্তাঘাট ও ফুটপাত দখল করে রেখেছেন মালিক ও চালকেরা। এতে করে সড়ক ও ফুটপাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে না সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে বাসমালিক ও চালকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এখন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।