
মাঘের বিকেলে বসন্তের আগমনী সুর। হালকা পোশাকেই লোকজন বের হয়েছেন ঘর থেকে। তাঁদের অনেকেই এসেছিলেন বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলায়। লোকসমাগম বাড়ছে। প্রাণচাঞ্চল্যে উদ্দীপ্ত সেই চিরচেনা পরিবেশ আবার ফিরে এসেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। টিএসসি থেকে দোয়েল চত্বর অবধি ছড়িয়ে পড়েছে তার স্পন্দন। তবে কেনাকাটার চেয়ে এখনো নেহাত ঘুরে দেখাটাই মুখ্য।
সাজিয়ে তোলার পালা চলছে: আগের দিন উদ্বোধন হয়ে গেলেও অবকাঠামোর সাজসজ্জার কাজ এখনো পুরো শেষ হয়নি। হাতুড়ি-পেরেকের ঠুকঠাক, রঙের প্রলেপ দেওয়া আর অলংকরণের কাজ চলছিল কিছু স্টলে। বেশির ভাগ স্টলেই অবশ্য বই উঠে গেছে। সন্ধ্যা থেকে রিকশাভ্যানে আনকোরা নতুন ঝকঝকে বই আসতে শুরু করেছে স্টলগুলোর সামনে। প্রকাশকেরা বিক্রয়কর্মীদের নিয়ে সেসব বই নামিয়ে র্যাকে সাজানো-গোছানোর কাজেই ব্যস্ত ছিলেন। এর মধ্যে ক্রেতাদের হাতে পছন্দের বই তুলে দেওয়া, গণমাধ্যমকর্মীদের সঙ্গে দু-চার কথায় প্রাথমিক প্রতিক্রিয়া জানানো—এসবের মধ্য দিয়েই মেলার দ্বিতীয় সন্ধ্যা পেরিয়ে গেছে তাদের।
উদ্যানে ধুলোবালির দাপট: সাজসজ্জা বেশ পরিপাটি খোলামেলা হলেও প্রচুর শুকনো ধুলো আর বাঁশ–কাঠের টুকরো, দড়ি, রাশি রাশি কাগজের টুকরোসহ হরেক রকমের আবর্জনায় মেলা প্রাঙ্গণের পরিবেশ কিছুটা অস্বস্তিকর। কাজেই ধুলো এড়াতে নাকে রুমাল চাপা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া অনেকেরই, ‘কর্তৃপক্ষ অন্তত পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে পারত!’
ছিমছাম প্যাভিলিয়ন ও স্টল: অন্যবারের তুলনায় এবারের মেলা অনেকখানিই ভিন্ন। খোলামেলা, ছিমছাম পরিবেশ। পরিবেশ ঘিঞ্জি নয়, ফলে আগত ব্যক্তিরা বেশ স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়াচ্ছেন মেলার দুই প্রাঙ্গণ—বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। তবে শুধু ঘুরেই বেড়াচ্ছেন, বইয়ের বিকিকিনি এখনো সেভাবে শুরু হয়নি বলে জানালেন প্রকাশকেরা। হরতাল-অবরোধ উপেক্ষা করে পাঠক-দর্শনার্থীদের অবাধ আগমনে অবশ্য খুশি তাঁরা। বর্ধমান হাউসের সামনে দেখা হলো অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইনের সঙ্গে। মেলার সার্বিক দিক নিয়ে তিনি বললেন, ‘এবারের মেলা বেশ ছিমছাম। পরিবেশও ভালো, সব মিলিয়ে আশা করছি এবারের মেলা বেশ জমবে।’ আকার-আয়তন বাড়ার কারণে এবারের মেলায় প্যাভিলিয়ন আর স্টলগুলো মনের মতো করে সাজাতে পেরেছেন প্রকাশকেরা। মেলার উত্তর পাশে প্রথমা প্রকাশনের স্টলটি দর্শকদের আলাদা নজর কেড়েছে এর নকশা এবং বিক্রয় প্রতিনিধিদের এক রঙের পোশাক পরিধানের কারণে। এ প্রতিষ্ঠানের নতুন প্রকাশিত বই বিক্রির তালিকায় গতকাল পর্যন্ত শীর্ষে ছিল আনিসুল হকের লেখা কিশোর উপন্যাস ভয়ংকর দ্বীপে বোকা গোয়েন্দা। প্রকাশনা প্রতিষ্ঠান সূচীপত্রের সাঈদ বারী বললেন, বিক্রি এখনো সে অর্থে জমেনি। তিনি জানালেন, এবার শুরুতে তাঁর প্রতিষ্ঠান বেশ কয়েকটি বই গুরুত্ব দিয়ে মেলায় এনেছে। এর মধ্যে একটি রেজাউর রহমানের ছায়ারজনী। উপন্যাসটিতে লেখক গ্রাম-শহরের ভিন্ন মেজাজের, অন্য স্বাদের চিত্র তুলে ধরেছেন।
মেলায় দুই মন্ত্রী এবং বিদেশি অতিথি: গতকাল মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মেলায় মুক্তিযোদ্ধা আমিনা বেগম ও শেখ আবদুর রাজ্জাক রচিত ঠিকানা ৭১ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। এ ছাড়া শিক্ষামন্ত্রী বাংলা একাডেমির ভেতরে বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন। মেলায় দেখা মিলল কয়েকজন বিদেশি অতিথির। ভারতের পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত মেলা ঘুরে দেখছিলেন। বললেন, ‘একুশে মেলায় বাংলাদেশে এসে যে আতিথেয়তা পাই, তার জন্য মুখিয়ে থাকি সারা বছর। আমার ভালো লাগে।’
নতুন বই: সোমবার মেলার তথ্যকেন্দ্র এবং একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেলার দ্বিতীয় দিন প্রকাশিত হয়েছেন ৩৫টি নতুন বই। এর মধ্যে ৩টি গল্প, ১১টি কবিতা, ৪টি প্রবন্ধ, ৬টি উপন্যাস, ১টি করে ছড়া, জীবনী, নাটক, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি ও অন্যান্য বিষয়ের ওপর ৬টি বই বেরিয়েছে। মেলায় প্রথমা প্রকাশন থেকে নতুন এসেছে আবুল মোমেনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিপ্লব বালার মাইকেল মধুসূদন দত্ত, মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি ইত্যাদি। মেলায় আসা নতুন বইয়ের তালিকায় তাম্রলিপি থেকে আসা মুহম্মদ জাফর ইকবালের গ্রামের নাম কাঁকনডুবি বইটির প্রতি নবীন পাঠকদের আগ্রহ দেখা গেছে। বাংলাদেশে সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব সাকিব আল হাসানকে নিয়ে লেখা ঐতিহ্য থেকে প্রকাশিত দেবব্রত মুখোপাধ্যায়ের সাকিব আল হাসান: আপন চোখে ভিন্ন চোখে বইটি নিয়েও পাঠকদের আলোচনা করতে দেখা গেছে। এ ছাড়া এবার মেলায় নতুন আসা বইয়ের মধ্যে অবসর থেকে প্রকাশিত গোলাম মুরশিদের রেনেসন্স বাংলার রেনেসন্স, বিভাস থেকে যতীন সরকারের সাহিত্যের কাছে প্রত্যাশা, নির্মলেন্দু গুণের রক্ষা করো হে ভৈরব, অনুপম প্রকাশনী থেকে ড. মাহবুব সাদিকের সাহিত্যের শিল্প প্রতিমা উল্লেখযোগ্য।
মেলা মঞ্চের আয়োজন: সোমবার মেলার মূল মঞ্চে ছিল ‘প্রমিত বাংলা ভাষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন ফিরোজা ইয়াসমীন, মনিরুজ্জামান, অধ্যাপক গোলাম মুরশিদ ও জীনাত ইমতিয়াজ আলী। সভাপতিত্ব করেন পবিত্র সরকার।
আজকের আয়োজন: আজ মঙ্গলবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘ষাট বছরে বাংলা একাডেমি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন শাহিদা খাতুন। ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন জ্যোতিপ্রকাশ দত্ত, ভূঁইয়া ইকবাল, করুণাময় গোস্বামী ও সাইফুদ্দীন চৌধুরী।