আসছে মিয়ানমারের পশু যাচ্ছে দেশের নানা প্রান্তে
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে আসছে বিপুলসংখ্যক পশু। আর সেসব পশু যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পশু আমদানি বন্ধ থাকায় এবার তাঁরা কোরবানির পশুর জন্য ঝুঁকেছেন মিয়ানমারের দিকে। নৌকা বোঝাই করে মিয়ানমারের পশু আসছে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে। এসব পশু নিয়ে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, সাবরাং ও শাহপরীর দ্বীপের বেশ কয়েকটি স্থানে পশুর হাট জমে উঠেছে।
৯ সেপ্টেম্বর শাহপরীর দ্বীপ করিডরে গিয়ে দেখা যায়, বড় তিনটি কাঠের ট্রলারে করে ৩৯৮টি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। পরে নাফ নদীর জেটি দিয়ে গরুগুলো করিডরে নামানো হয়। করিডরের খোলা মাঠে দেখা যায় মিয়ানমার থেকে আনা আরও কয়েক শ গরু-মহিষ। ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী পশু কেনার জন্য দরদাম করছেন।
স্থানীয় ব্যবসায়ী মো. আলমগীর জানান, গত সাত দিনে তাঁরা কয়েকজন ব্যবসায়ী মিয়ানমার থেকে ১ হাজার ১৪৮টি গরু ও ৮৪টি মহিষ আনেন। এসব পশু কিনে ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে নিয়ে যাচ্ছেন। তিনি জানান, প্রতিটি গরু ও মহিষের বিপরীতে ৫০০ টাকা করে রাজস্ব পরিশোধ করতে হয়।
শাহপরীর দ্বীপের পশু ব্যবসায়ী নুরুল হক বলেন, করিডরে তিন মণ ওজনের একটি গরুর দাম পড়ছে ৪১ হাজার টাকা। চার মণ ওজনের গরু ৫৫ হাজার ও পাঁচ মণের বেশি ওজনের গরু ৬৫ হাজার টাকা। এসব গরু কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার হাটে বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ১ লাখ টাকায়। তিনি বলেন, মিয়ানমারের পশু মোটাতাজা হওয়ায় ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন।
রাজধানীর গাবতলীর ব্যবসায়ী ফায়জুর রহমান প্রায় ৫২ লাখ টাকায় কিনেছেন ১১০টি গরু। প্রতিটি গরুর ওজন তিন থেকে চার মণ। তিনি বলেন, গড়ে প্রতি গরুর দাম পড়েছে ৪৮ হাজার টাকা। ট্রাক ভাড়াসহ আনুষঙ্গিক খরচ যোগ করে ঢাকায় পৌঁছাতে প্রতিটি গরুর দাম দাঁড়াবে গড়ে ৫০ হাজার টাকা। প্রতিটি গরু বিক্রি হবে ৬০ হাজার টাকারও বেশি দামে।
গাবতলীর আরেক ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, প্রতিবছর কোরবানির পশুর হাটে তিনি ভারতের গরু বিক্রি করতেন। এবার ভারত থেকে পশু আমদানি বন্ধ, তাই টেকনাফে এসেছেন। গত পাঁচ দিনে তাঁরা কয়েকজন ব্যবসায়ী টেকনাফ করিডর থেকে দুই শতাধিক গরু কিনে ঢাকায় পাঠিয়েছেন।
শাহপরীর দ্বীপ করিডর পশু ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, সাগরে দুর্বৃত্তের হামলা ও লুটপাটের কারণে পশু আনতে সমস্যা হচ্ছে।
শুল্ক বিভাগ সূত্র জানায়, চলতি মাসের প্রথম ১৫ দিনে করিডর দিয়ে গরু ও মহিষ এসেছে ২ হাজার ৫৩০টি। আগস্ট মাসে আসে ৩ হাজার ৫৪টি। গত বছর এই করিডর দিয়ে পশু আসে প্রায় ২৬ হাজার।
কাস্টমস সুপার এ কে এম হুমায়ুন কবির বলেন, ‘মিয়ানমার থেকে পশু আনতে আমরা স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করছি। কিন্তু সমুদ্র উত্তাল থাকলে কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিলে পশু আমদানি কমে যাবে।’