আসছে মুক্তিযুদ্ধ নিয়ে এনসাইক্লোপিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এনসাইক্লোপিডিয়ার অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’ নিয়ে তৈরি একটি পোস্টার। ছবি: প্রথম আলো।
‘এনসাইক্লোপিডিয়ার অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’ নিয়ে তৈরি একটি পোস্টার। ছবি: প্রথম আলো।

বাংলাপিডিয়ার পর এবার মুক্তিযুদ্ধ নিয়ে এনসাইক্লোপিডিয়া প্রকাশের উদ্যোগ নিয়েছে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। এর নাম ঠিক করা হয়েছে ‘এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’। যার বাংলা অর্থ ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’। বাংলা ও ইংরেজি ভাষায় পাঁচ খণ্ড করে মোট দশ খণ্ডে এটি প্রকাশিত হবে। ছাপা অক্ষরের পাশাপাশি অনলাইন ও ডিভিডিতেও এটি পাওয়া যাবে।

আজ শুক্রবার জ্ঞানকোষ রচনার কৌশল ও পদ্ধতিগত বিষয় নিয়ে এশিয়াটিক সোসাইটিতে একটি কর্মশালা ও দুটি অধিবেশনও অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষকসহ বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত, প্রাথমিক প্রতিরোধ, মুক্তিযুদ্ধের সামরিক-বেসামরিক নেতৃত্ব, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, শহীদ মুক্তিযোদ্ধা, বধ্যভূমি, গণকবর, নারী নির্যাতন ও যুদ্ধশিশু, পাকিস্তানি বাহিনীর এ দেশের সহযোগী, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, শরণার্থীশিবির, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়নসহ বৃহৎ শক্তিগুলোর ভূমিকা, জাতিসংঘের ভূমিকা, বিশ্ব সম্প্রদায় ও গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি সবই থাকবে এই মুক্তিযুদ্ধ কোষে।

এশিয়াটিক সোসাইটির এই প্রকল্পে অর্থসহায়তা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি প্রকাশ করতে খরচ হবে দুই কোটি ৯৮ লাখ ৩৬ হাজার টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষের প্রধান সম্পাদক ও প্রকল্প পরিচালক করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক সাজাহান মিয়া এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করবেন।

‘এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশনের’ প্রধান সম্পাদক ও প্রকল্প পরিচালক হারুন-অর-রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় ক্ষেত্রে একটি বড়মাপের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি এর মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বড় ধরনের গবেষণা সংক্রান্ত শূন্যতার অবসান ঘটবে।’


মুক্তিযুদ্ধের এই জ্ঞানকোষ তৈরির প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা হলেও এ নিয়ে বড় আকারে কোনো গবেষণা কর্ম সম্পাদিত হয়নি। কিছু প্রকাশনা থাকলেও এগুলো তথ্য সামগ্রীর দলিলীকরণ কিংবা মুক্তিযুদ্ধের আংশিক বিবরণ।


এসব বিষয় বিবেচনা করে এশিয়াটিক সোসাইটির কাউন্সিল ও সাধারণ সদস্যরা মুক্তিযুদ্ধের একটি পূর্ণাঙ্গ জ্ঞানকোষ করার তাগিদ অনুভব করেন। এ লক্ষ্যে ২০১২ সালের ৩ জানুয়ারি হারুন-অর-রশিদকে প্রকল্প পরিচালক ও সাজাহান মিয়াকে সাধারণ সম্পাদক করে এশিয়াটিক সোসাইটি একটি প্রকল্প নেয়। ২০১৪ সালের ২৬ মে সংস্কৃতি মন্ত্রণালয় ওই প্রকল্পে অনুমোদন দেয়। এই প্রকল্পের কার্যকাল হচ্ছে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের এপ্রিল।


আজ এই জ্ঞানকোষের রচনা কৌশল ও পদ্ধতিগত বিষয় নিয়ে দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও এশিয়াটিক সোসাইটির সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এতে মুক্তিযোদ্ধা ও গবেষকেরা তাঁদের মতামত তুলে ধরেন।


এর আগে উদ্বোধনী পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৪৮ সালের পর প্রতিটি রাজনৈতিক ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধের যোগসূত্র আছে। আমাদের মুক্তির সংগ্রাম ছিল ২৩ বছরের এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে ছিল নয় মাসের। এই কোষে পুরো সময়টাই আনা উচিত।’ আর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘নতুন প্রজন্ম যখন মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে পারব তখনই সার্থকতা আসবে।’