আসছে রাস উৎসব, মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোয়ালখালীর নারায়ন মন্দির প্রাঙ্গণে চলছে রাস উৎসবের মূর্তি তৈরি। ছবি: প্রথম আলো
বোয়ালখালীর নারায়ন মন্দির প্রাঙ্গণে চলছে রাস উৎসবের মূর্তি তৈরি। ছবি: প্রথম আলো

বোয়ালখালীর নারায়ণ মন্দির প্রাঙ্গণে কৃষ্ণ পাল (৩৭) ও তাঁর শিষ্য স্বদেশ রায় (৩৩) মূর্তি তৈরিতে ব্যস্ত। গত দুই দিনের বৃষ্টিতে মূতি তৈরিতে বিঘ্ন ঘটেছে। গতকাল মঙ্গলবার রোদ ওঠায় পুরোদমে নির্মাণের কাজ শুরু হয়েছে। আর দুই দিন পর রাস উৎসব। খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালীতে মূর্তি বানাতে এসেছেন বরিশালের মেহেদীগঞ্জের এই দুই শিল্পী।

বোয়ালখালী নারায়ন মন্দিরে শুক্রবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী রাস উৎসব। ৫০ বছর ধরে এ উৎসব চলে আসছে। এ বছর উদযাপিত হবে ৫১তম রাস উৎসব। কৃষ্ণ পাল বলেন, ‘এ বছর মহাদেব, রাধা কৃষ্ণ, গৌতম বুদ্ধসহ ৩৩টি দেব-দেবীর মূর্তি তৈরি হচ্ছে।’

দীঘিনালা উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নিউটন মহাজন বলেন, যদিও নথিপত্রে এ রাস মেলাটি ৫০ বছর পার হয়েছে। প্রকৃতপক্ষে এটি শত বছরের কাছাকাছি হবে। একসময় ১০০টি মূর্তি তৈরি করে এ রাসমেলা সপ্তাহ, মাসব্যাপী হতো। রাস উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার আর্থিকসহ বিভিন্ন সহযোগিতা থাকে। তিনি বলেন, এটি সম্প্রীতির মেলা হিসেবেও পরিচিত। এ বছরেও সবার সহযোগিতায় উৎসব উদযাপিত হবে।
দীঘিনালা সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও বোয়ালখালী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন বলেন, ‘বিশ্ব মানবতার কল্যাণার্থে দেশ ও সব জাতির মঙ্গল কামনায় প্রতিবছর আমরা জাতি-ধর্মনির্বিশেষে সবার সহযোগিতায় রাস উৎসব উদযাপন করি।’
রাস উৎসবে এ বছর গোপালগঞ্জের মা দেবী সম্প্রদায়, বরিশালের জয় বিজয় সম্প্রদায়, কোটালীপাড়ার অষ্ট সখী সম্প্রদায়, মাদারীপুরের গণেশ পাগল সম্প্রদায় ও চট্টগ্রামের শ্রীশ্রী নারায়ণ সম্প্রদায় কীর্তন পরিবেশন করবেন। রাস উৎসবে আসা সব অতিথিকে দুপুর ও রাতের খাবার পরিবেশন করা হয়।