আসছে 'অপারেশন জ্যাকপট', মহরত ১৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে একই সময়ে অভিযান চালায় কয়েকজন অমিত সাহসী বাঙালি যুবক। মুক্তিযুদ্ধের এই দুঃসাহসিক অধ্যায়কে নিয়ে এবার সিনেমা বানানো হচ্ছে। ছবি: সংগৃহীত
১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে একই সময়ে অভিযান চালায় কয়েকজন অমিত সাহসী বাঙালি যুবক। মুক্তিযুদ্ধের এই দুঃসাহসিক অধ্যায়কে নিয়ে এবার সিনেমা বানানো হচ্ছে। ছবি: সংগৃহীত

‘অপারেশন জ্যাকপট’ মুক্তিযুদ্ধের একটি দুঃসাহসিক অধ্যায়। এই অপারেশন পরিচালনা করেছিলেন কয়েকজন অমিত সাহসী বাঙালি যুবক। এঁরা ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে একই সময়ে অভিযান চালান। 

মুক্তিযুদ্ধের বিরল এই ঘটনা নিয়ে সিনেমা বানাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ছবিটিরই মহরত অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট। আজ রোববার সংসদ ভবনে এ সম্পর্কিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বৈঠকে ছবিটি নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম চলচ্চিত্রটি কীভাবে নির্মিত হবে, দেশে-বিদেশে কোন কোন ব্যক্তি এই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধের আলোচিত ব্যক্তিদের মধ্যে কার কার ভূমিকা তুলে ধরা হবে—তার ওপর একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন।
বৈঠক শেষে গিয়াস উদ্দিন সেলিম প্রথম আলোকে বলেনে, প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে অবধারিতভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মেজর রফিকুল ইসলামসহ আরও অনেককে দেখা যাবে।
সেলিম জানান, ছবিতে বিশেষভাবে তুলে ধরা হবে অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া নৌ কমান্ডোদের। ছবির বড় অংশজুড়ে দেখা যাবে পাকিস্তানি নৌ সেনা হিসেবে ফ্রান্সে প্রশিক্ষণরত যেসব বাঙালি নৌ সেনা পালিয়ে এসে এই অপারেশনে অংশ নিয়েছিলেন।

অপারেশন জ্যাকপটের প্রেক্ষাপট
অপারেশন জ্যাকপট ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এই অপারেশনে গেরিলা যোদ্ধারা পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে দেয়। এ সময় বন্দরে পাকিস্তানি বাহিনীকে সাহায্যকারী কয়েকটি বিদেশি জাহাজও ছিল। যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদের অপারেশন সারা বিশ্বের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্ববাসী জানতে পারে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ চলছে।
বাংলাদেশের নৌ সেনারা ছিলেন ১০ নম্বর সেক্টরের অধীন। এই সেক্টরে কোনো কমান্ডার ছিলেন না। সেক্টরটি সরাসরি মুজিবনগর সরকারের অধীনে ছিল।
১৯৭১ সালের মার্চের শুরুতে পাকিস্তানি নৌ সেনারা প্রশিক্ষণ গ্রহণের জন্য ফ্রান্সে যায়। সেখানে ৪১ জন সাবমেরিনারের মধ্যে ১৩ জন ছিলেন বাঙালি অফিসার। আন্তর্জাতিক প্রচারমাধ্যমে ২৫ মার্চের গণহত্যার কথা শোনার পর আটজন বাঙালি সেনা ৩০ মার্চ প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। এঁরা হলেন মো. রহমতউল্লাহ, সৈয়দ মোশাররফ হোসেন, শেখ আমানউল্লাহ, আবদুল ওয়াহেদ চৌধুরী, মো. আহসানউল্লাহ, আবদুর রকিব মিয়া, আবদুর রহমান আবেদ ও বদিউল আলম। মূলত এদের অনুপ্রেরণাতেই অপারেশন জ্যাকপট পরিচালনার জন্য নৌ কমান্ডো গঠন করা হয়।