বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ মেডিকেল-ট্যুরিস্টদের জন্য ‘ওয়ান-পয়েন্ট চেকআপ সার্ভিস’ শুরু করার পরিকল্পনা করেছে। দরপত্র জটিলতার সমাধান হলে দু-এক মাসের মধ্যেই চালু হতে পারে এই সেবা। পাশাপাশি সাধারণ রোগীদের জন্য জরুরি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজধানীর শাহবাগে বিএসএমএমইউর ডা. মিল্টন হলে গতকাল শনিবার বেলা একটায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০১৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ পদক্ষেপের কথা জানান উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, চিকিৎসার জন্য বিদেশগামী রোগীদের লক্ষ্য করে দেশেই আন্তর্জাতিক মানের এই সেবা চালু করতে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি সাধারণ রোগীদের জন্য জরুরি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘অবকাঠামো নির্মাণ হয়ে গেছে। পরিকল্পনাও হয়েছে। শুধু দরপত্র-সংক্রান্ত জটিলতায় আটকে আছে ওয়ান-পয়েন্ট চেকআপ সার্ভিস। সার্ভিসটি চালু হলে যাঁরা চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিদেশে যান, তাঁরা এই হাসপাতালেই বিভিন্ন সেবা পাবেন।’
তিনি গণমাধ্যমের কর্মীদের বলেন, ‘আমি স্বীকার করছি যে সাধারণ মানুষের এখানে এসে তথ্য ও অভ্যর্থনা পাওয়ার জায়গাটি সীমাবদ্ধ। রোগীদের জন্য এটা বড় একটা সমস্যা যে তাঁরা এখানে এসে বুঝতে পারেন না, কোথায় যাবেন। এটি একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়, তাই মানুষের আকাঙ্ক্ষাও বেশি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
মোড়ক উন্মোচনের আগে উপাচার্য গণমাধ্যমের কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বেসরকারি ওষুধ কোম্পানির অর্থায়নে হাসপাতালের বিভিন্ন বিভাগের সেমিনার ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা হয়, গণমাধ্যমের কর্মীদের এমন অভিযোগের জবাবে উপাচার্য কামরুল হাসান খান বলেন, ‘নীতিগতভাবে এই অভিযোগের সঙ্গে আমি একমত। হাসপাতালে বিভিন্ন সোসাইটি হয়তো যৌথ উদ্যোগে কিছু অনুষ্ঠান করে থাকে। তবে প্রশাসনিক সভাগুলোতে এ রকম হয় না।’ দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে এত কম বাজেট বরাদ্দ কেন? এমন প্রশ্নে সহ-উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দুই কোটি টাকা দিচ্ছে। এই সীমিত অর্থে গবেষণা করা কঠিন। আমরা চেষ্টা করছি।’