আসছেন রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি
যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শেরম্যান বাংলাদেশ সফরে আসছেন। ২৬ মে তিনি ঢাকায় পৌঁছাবেন। ২৮ মে পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। দ্বিতীয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ কর্মসূচিতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। মার্কিন পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি শেরম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৃহত্তর পরিসরে আলোচনার একটি ফোরাম। এখানে উন্নয়ন, নাগরিক সমাজ, সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও সহিংসতা, উগ্রবাদ, বিজ্ঞান-প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার বিষয় নিয়ে আলোচনা হবে।
এর বাইরে ওয়েন্ডি আর শেরম্যান শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে তৈরি পোশাকশিল্পের পরিবেশ এবং রানা প্লাজার ধসপরবর্তী বিপর্যয় নিয়ে গোলটেবিল বৈঠক করবেন।