ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেসে আসন বণ্টনে বৈষম্যের প্রতিবাদে এবং নেত্রকোনা জেলা সদরের জন্য পর্যাপ্তসংখ্যক আসন বরাদ্দের দাবিতে নেত্রকোনাবাসীর উদ্যোগে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে গতকাল শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক মতীন্দ্র সরকার, হায়দার জাহান চৌধুরী, সভাপতি শ্যামলেন্দু পাল, নূরুজ্জামান, মোস্তাফিজুর রহমান খান, আনোয়ার হোসেন, সাইফুল্লাহ এমরান প্রমুখ।
বক্তারা বলেন, নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ও আন্দোলন-সংগ্রামের ফসল হাওর এক্সপ্রেস। প্রায় ৫৫০টি আসনবিশিষ্ট হাওর এক্সপ্রেসে নেত্রকোনা সদরের জন্য ঢাকার কমলাপুর ও বিমানবন্দর স্টেশনের আসন বরাদ্দ করা হয়েছে মাত্র ৬১টি। অথচ ময়মনসিংহ স্টেশনের জন্য রাখা হয়েছে ৬৭টি ও মোহনগঞ্জ স্টেশনের জন্য ২২৭টি আসন বরাদ্দ রয়েছে।