আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার ঢাকা-১৯ আসনে। আর সবচেয়ে কম ভোটার শরীয়তপুর-২ আসনে।আমিনবাজার, তেঁতুলঝড়া, ভাকুর্তা ও কাউন্দিয়া ইউনিয়ন বাদ দিয়ে সাভার উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনের ভোটার সংখ্যা ছয় লাখ ৭৮ হাজার ৬৫৭ জন। অন্যদিকে নড়িয়া উপজেলা ও সখীপুর থানা নিয়ে গঠিত শরীয়তপুর-২ আসনের ভোটার সংখ্যা এক লাখ ৫২ হাজার ৮৪১ জন।নির্বাচন কমিশন গত সপ্তাহে এই তালিকা চূড়ান্ত করে। ভোটার তালিকা হালনাগাদ এবং ৫৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণের পর এই হিসাব দাঁড়িয়েছে। হালনাগাদের পর ৩০০টি আসনের ভোটার সংখ্যা নয় কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ চার কোটি ৬১ লাখ আট হাজার ৮১৪ জন এবং নারী চার কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৭৬৯ জন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩০০টি আসনের মধ্যে ঢাকা-১৯সহ তিনটি আসনে ভোটার ছয় লাখের বেশি। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড এবং কালিয়াকৈর উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-১ আসনের ভোটার সংখ্যা ছয় লাখ নয় হাজার ৬৫২ এবং গাজীপুর সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৮ নম্বর, ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত গাজীপুর-২ আসনের ভোটার সংখ্যা ছয় লাখ ৭১ হাজার ৮৮৩ জন।শরীয়তপুর-২ আসনসহ ১৪টি আসনের ভোটার সংখ্যা দুই লাখের নিচে। বাকি ১৩টি আসন হলো: রংপুর-১ (এক লাখ ৯৮ হাজার ৯৭৭), রংপুর-৬ (এক লাখ ৭৪ হাজার ৩১৫), ঝালকাঠি-১ (এক লাখ ৫৪ হাজার ১৮৪), পিরোজপুর-২ (এক লাখ ৮৭ হাজার ৬৮৫), পিরোজপুর-৩ (এক লাখ ৬৯ হাজার ২৯৫), জামালপুর-২ (এক লাখ ৯৫ হাজার ৫৮৭), নেত্রকোনা-৫ (এক লাখ ৯২ হাজার ৫৫২), নরসিংদী-৩ (এক লাখ ৯২ হাজার ২৪৫), ব্রাহ্মণবাড়িয়া-১ (এক লাখ ৮৯ হাজার ১২৩), কুমিল্লা-৮ (এক লাখ ৯১ হাজার ৩০০), লক্ষ্মীপুর-১ (এক লাখ ৮৫ হাজার ২৪৪), চট্টগ্রাম-৩ (এক লাখ ৭৬ হাজার ৮৭৫) ও খুলনা-৩ (এক লাখ ৭৮ হাজার ১৪৬)।দুটি আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখের ওপরে। এর মধ্যে সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখ এক হাজার ৩৪৩ জন এবং নারায়ণগঞ্জ থানা ও বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার পাঁচ লাখ ৩৪ হাজার ৫২২ জন।এ ছাড়া ১৯টি আসনের ভোটার সংখ্যা চার লাখের বেশি। এই আসনগুলো হলো: দিনাজপুর-৬, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, বগুড়া-৫, বগুড়া-৭, যশোর-৩, ঢাকা-২, ঢাকা-৫, ঢাকা-১৮, রাজবাড়ী-২, সিলেট-১, ব্রাহ্মণবাড়িয়া-৩, কুমিল্লা-১০, নোয়াখালী-৪, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ ও নারায়ণগঞ্জ-৫। বাকি ২৬২টি আসনের ভোটার সংখ্যা দুই থেকে চার লাখের মধ্যে।