আসনসংখ্যা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আসনসংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল বুধবার থেকে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনের সড়কে অবস্থান ও শহরে বিক্ষোভ মিছিল করে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষাসচিবের কাছে একটি স্মারকলিপি দেয়। এদিকে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কলেজের গ্রন্থাগারে ভাঙচুর চালায়। গত মঙ্গলবার একই দাবিতে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে সমাবেশ, মিছিল ও কলেজের চারটি কক্ষ ভাঙচুর করে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. শাহরিয়ার কামরুল বলেন, ‘এ কলেজে একাদশ শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৫০টি করে আসন আছে। এর মধ্য থেকে ১৪ ভাগ আসন সংরক্ষিত রাখা হয়েছে। ফলে প্রতি শাখার জন্য উন্মুক্ত রয়েছে ১২৯টি করে আসন। অথচ প্রতিটি শাখায় ভর্তির জন্য কয়েক শ করে আবেদনপত্র জমা পড়েছে। আসনসংখ্যা বাড়ানো না হলে গলাচিপার বিচ্ছিন্ন চরাঞ্চলের দরিদ্র পরিবারের শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবনের সমাপ্তি ঘটবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও সংগ্রাম অব্যাহত থাকবে।’কলেজের উপাধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, ‘ভর্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা গত দুই দিন ক্যাম্পাসে বিক্ষোভ এবং ভাঙচুর করেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট সব মহলকে জানিয়েছি।’ ভর্তি কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহরাব আলী বলেন, ‘আসনসংখ্যা বাড়ানোর দাবি যৌক্তিক হলেও বিষয়টি বিবেচনার দায়িত্ব বোর্ড এবং সরকারের। এ ক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই।’কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কলেজে একাদশ শ্রেণীতে আসনসংখ্যা বাড়ানোর জন্য অতিরিক্ত শাখা চালু করা দরকার। আমরা ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকেই অতিরিক্ত শাখা চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি। মন্ত্রণালয় থেকে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে কলেজ পরিদর্শন করে অতিরিক্ত শাখা চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা শাখা চালু করার বিষয়ে বোর্ডের কোনো নির্দেশনা পাইনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কর তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছানোর ব্যবস্থা করেছি।’