আসনসংখ্যা সীমিত বিপাকে শিক্ষার্থীরা
শরীয়তপুরের কলেজগুলোয় উচ্চমাধ্যমিকে আসনের সংখ্যা কম থাকায় ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। পাস করা শিক্ষার্থীদের অর্ধেকের বেশি স্থানীয় কলেজগুলোয় ভর্তি হতে পারবে না।স্থানীয় সূত্র জানায়, এ বছর শরীয়তপুরে বিদ্যালয় থেকে ছয় হাজার, মাদ্রাসা থেকে তিন হাজার শিক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জেলায় তিনটি সরকারি ও ১১টি বেসরকারি কলেজ রয়েছে।এর মধ্যে শিক্ষার্থীদের জন্য শরীয়তপুর সরকারি কলেজে ৬০০, নড়িয়া সরকারি কলেজে ৬৫০ এবং সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে ৩০০টি আসন রয়েছে। এ ছাড়া বেসরকারি কলেজগুলোয় ২৫০ জন করে শিক্ষার্থীর ভর্তি হওয়ার অনুমোদন রয়েছে। সে হিসাবে, শরীয়তপুরে এ বছর উচ্চমাধ্যমিকে ১৩টি কলেজে চার হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বাকি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে জেলার বাইরের কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করতে হবে।শরীয়তপুরের সরকারি কলেজগুলোর আসন বাড়ানোর করার কথা জানিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পত্র দেওয়া হয়েছে। কলেজগুলো থেকে এখন ভর্তির ফরম সংগ্রহ করছে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী ফরম পূরণ করে জমাও দিচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে। বিলম্ব ফি দিয়ে ১২ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।জাজিরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, দরিদ্র শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়ে। কলেজগুলোয় আসনসংখ্যা বাড়ানোর প্রয়োজন।সদর উপজেলার সোনামুখী গ্রামের সাদিয়া জাহান বলেছে, ‘শরীয়তপুর সরকারি কলেজে ভর্তির জন্য ফরম জমা দিয়েছি। সুযোগ পাব কি না, জানি না। পরিবারের অর্থনৈতিক অবস্থা যা, তাতে দূরে গিয়ে পড়ালেখা চালানো সম্ভব নয়।’নড়িয়া উপজেলার পাঁচগাঁও গ্রামের শিক্ষার্থী সাইফুল আলম বলেছে, ‘অনেক স্বপ্ন সরকারি কলেজে পড়ালেখা করার। ভর্তির ফরম সংগ্রহ করেছি। আমি দরিদ্র পরিবারের সন্তান, এখানে ভর্তি হতে না পারলে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোরশেদুল ইসলাম বলেন, এ বছর এসএসসিতে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শরীয়তপুরে কলেজের সংখ্যা কম; তার পরও আসনসংখ্যা সীমিত। আসনসংখ্যা না বাড়ালে দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থীর পড়ালেখা বাধাগ্রস্ত হবে।শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলী হোসেন বলেন, ‘আসনসংখ্যা বাড়ানোর জন্য শিক্ষা বোর্ডে আবেদন করেছি। আসনসংখ্যা বাড়ানো না হলে অনেক মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বাধাগ্রস্ত হবে।’