আসনে না পেয়ে ৪ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম কার্যালয়ের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিআইডব্লিউটিএর কার্যালয় পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাঁদের আসনে না পেয়ে মন্ত্রী এ নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাজিদুল ইসলাম, উপপরিচালক মো. আলমগীর হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম ও নয়ন শীল।
কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় শাজাহান খান নগরের ফিরিঙ্গীবাজারে বিআইডব্লিউটিএর কার্যালয় পরিদর্শনে যান। সেখানে ওই চার কর্মকর্তাকে নিজেদের আসনে না পেয়ে তাৎক্ষণিক তাঁদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন তিনি।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা যুগ্ম পরিচালক আক্কাস আলী প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে নয়টায় নৌমন্ত্রীর কার্যালয় পরিদর্শনের সময়সূচি নির্ধারিত ছিল। তিনি এসে আমাদের কার্যালয়ের সব বিভাগ ঘুরে দেখেন। এ সময় চার কর্মকর্তাকে আসনে না পেয়ে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।’
কার্যালয় সূত্র জানায়, মন্ত্রী শাজাহানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে কার্যালয়ে আনার সময় যুগ্ম পরিচালক আক্কাস আলীর সঙ্গে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের দুজন সাজিদুল ইসলাম ও নয়ন শীল ছিলেন। কিন্তু মন্ত্রী পরিদর্শন করে চলে যাওয়ার কিছুক্ষণ পর তাঁরা কার্যালয়ে ঢোকেন। পরিদর্শনের মুহূর্তে চার কর্মকর্তাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন মন্ত্রী।