আসনের চেয়ে দুই হাজার বেশি ভর্তি আইডিয়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চলতি ২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞাপনে ঘোষিত পদের চেয়ে ১ হাজার ৯৮১ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনটি সম্প্রতি মাউশির মহাপরিচালকের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদনে অনিয়মের এসব তথ্য তুলে ধরা হলেও এ জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তার কোনো সুপারিশ করা হয়নি।
জানতে চাইলে কমিটির প্রধান মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালক মো. ওসমান ভূইয়া গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তাঁরা শুধু তথ্য তুলে ধরেছেন। ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
চলতি বছরে এই স্কুলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির এই অনিয়ম নিয়ে গত ফেব্রুয়ারিতে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাড়তি ভর্তি হচ্ছে দুই হাজারের বেশি’। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, বিজ্ঞাপনে দেওয়া আসন অনুযায়ী প্রথম শ্রেণিতে লটারি ও অন্যান্য শ্রেণিতে পরীক্ষা নিয়ে ভর্তির কাজ শেষ করার পর এই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। তখন অভিযোগ ওঠে, নীতিমালা লঙ্ঘন করে টাকার বিনিময়ে ও তদবিরের মাধ্যমে এসব শিক্ষার্থী ভর্তি করা হয়। এর সঙ্গে পরিচালনা কমিটির একাধিক সদস্য জড়িত বলে অভিযোগ আছে। এরপর এ নিয়ে মাউশি তদন্ত কমিটি গঠন করে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তির বিজ্ঞাপনের সময় কোন ক্লাসে কত শিক্ষার্থী ভর্তি করা হবে, তার ঘোষণা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির চাহিদাকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৭৮০। কিন্তু অতিরিক্ত আসনে আরও ১ হাজার ৯৮১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। অতিরিক্ত ভর্তি করা শিক্ষার্থীর মধ্যে মতিঝিল বাংলা মাধ্যমে ৪৩৯ জন ও ইংলিশ ভার্সনে ২২৭ জন, বনশ্রী শাখার বাংলা মাধ্যমে ৫৬৩ জন ও ইংলিশ ভার্সনে ২৫৭ জন এবং মুগদা শাখায় ৪৯৫ জন। বিদ্যালয়গুলোতে ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ গত ৬ জানুয়ারি সভা করে সংশোধিত আসনে ভর্তির সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় নির্মিত ভবনে উল্লেখিত সংখ্যক ছাত্রছাত্রী সংকুলান করার কথা বলে সুপারিশের ভিত্তিতে অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তির জন্য কমিটি সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদনে ২০১৫ সালের ভর্তি হওয়া শিক্ষার্থী এবং ২০১৬ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীর তুলনামূলক সংখ্যাও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০১৫ সালে মেধায় ভর্তি হয়েছিল ২ হাজার ১৭৪ এবং ২০১৬ সালে মেধায় ভর্তি হয় ৪ হাজার ৬০৪ জন। গত বছর অতিরিক্ত আসনে একজন শিক্ষার্থীও ভর্তি করা হয়নি। এবার ভর্তি করা হলো অতিরিক্ত ১ হাজার ৯৮১ জন।
প্রতিবেদনে শুধু তথ্য তুলে ধরা হলেও তদন্ত কমিটির প্রধান ওসমান ভূইয়া বলেন, অনিয়ম করে এই ভর্তি করা হয়েছে। এর আগে ২০১৩ সালেও এ স্কুলে দেড় হাজারের বেশি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। ২০১২ সালে বিভিন্ন শ্রেণিতে ১ হাজার ৫৫০ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল। এ নিয়ে তখন গণমাধ্যমে লেখালেখি ও অভিভাবকদের সমালোচনার মুখে গত দুই বছর অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়নি। এত বেশি শিক্ষার্থী নিয়ে কীভাবে পড়াশোনা করা সম্ভব—জানতে চাইলে কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, সেকশন বাড়ানো হয়েছে। বেশি শিক্ষার্থী হলে সমস্যা হবে না।