আসনের চেয়ে যাত্রী অনেক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-ঢাকা রেলপথে টাঙ্গাইল স্টেশনের জন্য বরাদ্দ আসনের তুলনায় ঢাকাগামী যাত্রীর সংখ্যা প্রায় সাত গুণ বেশি। তার ওপর টিকিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ করছেন যাত্রীরা।
২০০৩ সাল থেকে টাঙ্গাইলের সঙ্গে ঢাকা, উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ শুরু হয়। বর্তমানে নয়টি আন্তনগর ট্রেন নিয়মিত উত্তরবঙ্গ ও খুলনা থেকে টাঙ্গাইল হয়ে ঢাকায় যায়। টাঙ্গাইলের স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন বলেন, এ নয়টি ট্রেনে প্রতিদিন গড়ে প্রায় ৪৫০ জন যাত্রী টাঙ্গাইল-ঢাকা রুটে চলাচল করছে। কিন্তু তাদের জন্য আসন বরাদ্দ আছে মাত্র ৬৮টি।
টাঙ্গাইল স্টেশনের টিকিট বিক্রির তিন দিনের হিসাবে দেখা যায়, ৬৮টি আসনের বিপরীতে গত ৩, ৪ ও ৫ মে গড়ে ৪৫৫ জন যাত্রী ঢাকায় গেছে। অর্থাৎ আসনের তুলনায় যাত্রী প্রায় সাত গুণ বেশি ছিল।
মে মাসের প্রথম সপ্তাহে এই প্রতিবেদক টাঙ্গাইল স্টেশন ঘুরে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেন। আন্তনগর সিল্কসিটি ট্রেনের যাত্রী মিথিলা মালাকার বলেন, আসনসংকট টাঙ্গাইলবাসীর প্রতিদিনের সমস্যা। তিনি আরও বলেন, ‘সিট পাইনি। এখন বাচ্চাকে নিয়ে স্ট্যান্ডিংয়ে (দাঁড়িয়ে) যেতে হবে। এত দিনেও সিট বাড়ল না। আর আমাদের কষ্টও কমল না।’
সুন্দরবন ট্রেনের যাত্রী মো. মাইনুদ্দিন বলেন, যাত্রীর তুলনায় সিট খুব কম। তিনি সিট বাড়ানোর দাবি জানান।
স্টেশন মাস্টার বলেন, ‘আমাদের বগির সংখ্যা কম। বগি কম থাকায় সিটের সমস্যা হচ্ছে। বগি বাড়ানো হলে ভোগান্তি কমবে। রেলের আয়ও বাড়বে।’
ট্রেনের পাশাপাশি ঢাকা-টাঙ্গাইলে অনেক যাত্রী বাসেও চলাচল করছে। টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মো. আখতার হোসেন বলেন, টাঙ্গাইল থেকে প্রতিদিন প্রায় ৯০টি বাস ঢাকায় যায়। প্রতিটি বাসে গড়ে ৩০ জন যাত্রী থাকে। এসি বাসের টিকিটের গড়ে দাম ২৫০ টাকা আর নন-এসির টিকিট ১২০-১৫০ টাকা। অন্যদিকে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের দাম এসি, নন-এসিভেদে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত হয়।
সড়কপথে যানজট, দুর্ঘটনার ঝুঁকি, শারীরিক অস্বস্তি ইত্যাদি কারণে অনেকে ট্রেনকেই পছন্দ করছেন। টাঙ্গাইল সদরের পলাশতলীর বাসিন্দা সাদ বলেন, বাসে গেলে যানজটে অনেক সময় নষ্ট হয়। ট্রেনে গেলে আরামে ও নিরাপদে যাওয়া যায়। অনেক যাত্রী ট্রেনে আসন বাড়ানোর পাশাপাশি ঢাকা-টাঙ্গাইলের মধ্যে কমিউটার (দুই এলাকার মধ্যে সংযোগকারী ট্রেন) ট্রেনসেবা চালুর দাবি জানান।
বাংলাদেশ রেলওয়েরর পরিচালক (অপারেশন) সৈয়দ জহুরুল হক বলেন, টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় আসন বরাদ্দ শুরু থেকেই কম ছিল। আর কোচেরও সংকট আছে। নতুন কোচ যোগ করার প্রক্রিয়া চলছে। এতে চাপ হয়তো কিছুটা কমবে। কোচ, ইঞ্জিন ও লোকবলের সমস্যার সমাধান হলে কমিউটার ট্রেন চালুর ব্যাপারেও ভেবে দেখা হবে।
যাত্রীরা স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে কালোবাজারে টিকিট বিক্রি ও পরিচিত যাত্রীদের জন্য টিকিট সরিয়ে রাখার অভিযোগ তুলেছেন। ট্রেনে বসার জায়গা পেলে টিকিটে বগি ও আসনের নম্বর লেখা থাকে। দাঁড়িয়ে গেলে টিকিটে শুধু বগি নম্বর থাকে। যাত্রী সৈয়দ মারুফুল ইসলাম বলেন, ট্রেনপ্রতি পাঁচ-ছয়টি আসন থাকে। সেগুলোর টিকিট নিয়েও দুর্নীতি হচ্ছে। কর্মচারীরা আগেই এই টিকিট কেটে কালোবাজারে দিয়ে দেন।
মারুফুলের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ৫ মের টিকিটে দেখা যায়, এটা কেনা হয়েছে সকাল ছয়টা ২১ মিনিট। কিন্তু মারুফুল বলেন, তিনি টিকিটটি কিনেছেন সকাল ১০টা ৩০ মিনিটে, স্টেশনেরই এক কর্মচারীর কাছ থেকে। ১১৫ টাকার টিকিটটি ১৭০ টাকায় সংগ্রহ করেছেন বলে তিনি জানান।
এ সম্পর্কে স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন বলেন, ‘এ কথা সত্য নয়। এখানে কোনো কালোবাজারি হয় না।’
ঢাকা-টাঙ্গাইল রুটের একজন নিয়মিত যাত্রী স্বপন সৌমিত্র বলেন, ভিআইপি আর তাঁদের পরিবারের েলাকজন চাইলেই সিট পান। তাঁদের টিকিট আগেই সরিয়ে ফেলা হয়। আর সাধারণ মানুষের সিটের দরকার হলে কালোবাজারে বেশি দামে জোগাড় করতে হয়। তাঁরা স্টেশন কর্তৃপক্ষের হাতে জিম্মি।