আসনের দাবিতে প্রশাসন ভবনে ছাত্রীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আবাসিক হলে আসনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন প্রথম বর্ষের ছাত্রীরা। এ সময় উপাচার্য ভবনটির নিজ কার্যালয়েই ছিলেন। পরে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবাসিক হলে আসন সংকুলান না হওয়ায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বেশ কিছু ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলা ও চাষি ভবনে রাখে প্রশাসন। চিকিৎসাকেন্দ্রে থাকা ছাত্রীরা তাপসী রাবেয়া হলের অন্তর্ভুক্ত। গতকাল দুপুর ১২টার দিকে নবনির্মিত হলে আসন দেওয়ার দাবিতে ওই ছাত্রীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্য আলী আকবরসহ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী ভবনটিতে আটকা পড়েন।
নির্মাণাধীন হলটির কয়েকটি কক্ষ বসবাসের জন্য উপযুক্ত করা হয়েছে।
ছাত্রীদের অভিযোগ, গত ১০ জানুয়ারি প্রথম বর্ষের পরিচিতিমূলক সভায় উপাচার্য এক মাসের মধ্যে নতুন হলে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তাই তাঁরা নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও চিকিৎসাকেন্দ্রে অবস্থান করছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁদের জন্য হলে আসনের ব্যবস্থা করা হয়নি।
কয়েকজন ছাত্রী জানান, চিকিৎসা ভবনের চারটি কক্ষে ১২০ জন ছাত্রী থাকেন। একটি কক্ষে আছেন ৭২ জন। সেখানে পর্যাপ্ত আলো-বাতাস ও শৌচাগার নেই। তাই তাঁরা ভালোভাবে পড়াশোনা করতে পারছেন না। তা ছাড়া নিরাপত্তাহীনতায়ও ভুগছেন।
তালা দেওয়ার পর বেলা একটার দিকে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক জসিমউদ্দিন খান ও প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন ঘটনাস্থলে এসে হাজির হন। তাঁরা আন্দোলনরত ছাত্রীদের বুঝিয়ে তাঁদের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দেন।
ছাত্রবিষয়ক উপদেষ্টা জসিমউদ্দিন খান বলেন, ‘ছাত্রীরা ভুল-বোঝাবুঝি থেকে এটা করেছে। আমরা ইতিমধ্যে ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী হলের বাইরে থাকা ছাত্রীদের নির্মাণাধীন হলে ওঠাতে শুরু করেছি। ভবনের যে অংশে কাজ শেষ হয়েছে, ক্রমান্বয়ে সব ছাত্রীকে সেখানে ওঠানো হবে।’