চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষায় এবার মোট আসনের প্রায় ছয় গুণ বেশি আবেদন জমা পড়েছে। গত বৃহস্পতিবার আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল।ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়গুলোয় পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে আসন রয়েছে দুই হাজার ৭৩২টি। আবেদন জমা পড়ে ১৬ হাজার ৮০টি। এর মধ্যে পঞ্চম শ্রেণীর এক হাজার ৯০০ আসনের বিপরীতে আবেদন পড়ে আট হাজার ১৩১টি, ষষ্ঠ শ্রেণীতে ৭১২টির বিপরীতে জমা পড়ে ছয় হাজার ৮৩০টি এবং অষ্টম শ্রেণীতে ১২০টির বিপরীতে জমা পড়ে এক হাজার ১১৯টি।চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয় হচ্ছে: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এগুলোর মধ্যে চারটিতে শুধু পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে আর তিনটিতে কেবল পঞ্চম শ্রেণীতে ছাত্র ভর্তি করানো হবে।চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৬৫৩, ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৬৩১ ও অষ্টম শ্রেণীতে ৬৯০টি আবেদন জমা পড়ে। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৭৭৩, ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৮৮ ও অষ্টম শ্রেণীতে ৪২৯টি। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে এক হাজার আট ও ষষ্ঠ শ্রেণীতে এক হাজর ৭৬৫টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৮১১ ও ষষ্ঠ শ্রেণীতে এক হাজার ৫৬৫টি। সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৪৮ ও ষষ্ঠ শ্রেণীতে ২৪৮টি। হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৬৫ ও ষষ্ঠ শ্রেণীতে ৫৩৩টি।এ ছাড়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণীতে এক হাজার ৫৪৯, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে দুই হাজার ৪৭ ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৯৭৭টি আবেদন জমা পড়ে।এ বছর নবম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। জেএসসি ও জেডিসির ফলের ভিত্তিতে ভর্তি করানো হবে। তবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তাতে তাদের পছন্দের বিদ্যালয়ের নাম লিখে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। নয়টি বিদ্যালয়ে নবম শ্রেণীর আসনসংখ্যা ৩৯৭।এ বছর প্রথমবারের মতো সরকারি বিদ্যালয়গুলোয় অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা হবে। ২২ ডিসেম্বর পঞ্চম শ্রেণী ও ২৪ ডিসেম্বর ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৪ ডিসেম্বর থেকে নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়। ৫ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়।