
পৃথিবীর শক্তিশালী আটটি দেশের রাষ্ট্রপ্রধানেরা এক টেবিলে বসে আছেন। তাঁদের পা ডুবে গেছে সমুদ্রস্ফীতির পানিতে। এরপরও তাঁরা জলবায়ু পরিবর্তনের দায় নিতে রাজি নন। তাঁদের পেছনে দাঁড়িয়ে ব্রিকসভুক্ত পাঁচটি দেশের মধ্যে চারটির প্রতিনিধিরা।
ব্রিকসভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট) দেশগুলোর দুজন পাখা দিয়ে বাতাস করছেন ধনী দেশের নেতাদের। অন্য দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা একটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে। তাতে লেখা, ‘জলবায়ু পরিবর্তন ঘটছে এটা সত্য। তাতে আমাদের কী?’ সামনের তোরণে জি-৮ সম্মেলনের পাশাপাশি বিশ্বব্যাংকের সৌজন্যে দেওয়া হচ্ছে জলবায়ু ঋণের বিজ্ঞাপন। দুই পাশে শতাধিক তরুণ ব্যানার নিয়ে উন্নত বিশ্বের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ জানাচ্ছেন।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে গতকাল মঙ্গলবার খুলনার রূপসা নদীর চরে এভাবেই অনুষ্ঠিত হলো শিল্পোন্নত আটটি দেশ নিয়ে গঠিত জি-৮-এর প্রতীকী সম্মেলন। সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নীরবতার প্রতিবাদ করল তিনটি সংগঠন। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্যারিস চুক্তি অনুসারে শিল্পোন্নত ও অগ্রসর উন্নয়নশীল দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তাতে পৃথিবীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এই দেশগুলো স্বেচ্ছায় কার্বন নির্গমন কমানোর কথা বলেছে। অথচ সম্মিলিতভাবে তারা পৃথিবীর ৭৭ শতাংশ কার্বন নির্গমনের জন্য দায়ী।
বক্তারা মরক্কোর মারাকেশ শহরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে শিল্পোন্নত ও অগ্রসর উন্নয়নশীল দেশগুলোর কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা যথেষ্ট মাত্রায় বাড়ানো, নির্গমন কমানোর পরিমাণ যাচাই করার জন্য পরিবীক্ষণ কেন্দ্র গড়ে তোলা, প্রতিশ্রুতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন খাতে ঋণদান বন্ধ করা, সবুজ জলবায়ু তহবিলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে জলবায়ু তহবিল ব্যবস্থাপনা, বরাদ্দ ও ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জলবায়ু-বাস্তুচ্যুতদের উন্নত দেশে স্বাধীন ও মর্যাদাপূর্ণ অভিবাসনের অধিকার দেওয়াসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
ক্লিন-টিআইবি-সনাক কর্ম দলের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে প্রতীকী প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী। অন্যদের মধ্যে বক্তব্য দেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ফিরোজ উদ্দীন, টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য সুস্মিত সরকার, এস এম মামুনুর রশীদ, ক্লিনের সদস্য নাসিম রহমান প্রমুখ।