বগুড়ার ধুনট উপজেলায় আনন্দ স্কুলের প্রশিক্ষণ সমন্বয়কের বিরুদ্ধে (টিসি) আসবাব ক্রয়ের নামে প্রায় সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০১৫ সালের মধ্যে উপজেলার ৮০টি আনন্দ স্কুলের আসবাব ক্রয়ের জন্য ওই টাকা বরাদ্দ ছিল।
উপজেলা আনন্দ স্কুলের প্রশিক্ষণ সমন্বয়ক (টিসি) মেহেরুন নেছা গত রোববার বলেন, ‘আসবাবপত্র এখনো ক্রয় করা হয়নি। আমার কাছে টাকাও নেই।’ বরাদ্দ করা টাকা কোথায় আছে জানতে চাইলে তিনি উত্তর দিতে অপারগতা জানিয়ে বলেন, এ বিষয়ে পরে কথা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১৫ সালে ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক)’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৮০টি আনন্দ স্কুলের ২ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর জন্য ১০ লাখ ৭ হাজার ২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা দিয়ে শিক্ষার্থীদের পোশাক ও স্কুলের আসবাব ক্রয়ের নির্দেশ ছিল। এর মধ্যে গত ডিসেম্বরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ২৭০ টাকা করে মোট ৬ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকার পোশাক কিনে বিতরণ করা হয়। বাকি ৩ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা দিয়ে প্রতিটি স্কুলের জন্য একটি করে ট্রাঙ্ক ও টেবিল এবং চেয়ার কেনার কথা থাকলেও তা ক্রয় করা হয়নি।
ওই সূত্র আরও জানায়, বরাদ্দের ওই টাকা ব্যয়ের জন্য গত ২৫ অক্টোবর উপজেলা আনন্দ স্কুল পোশাক ক্রয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানকে সভাপতি ও আনন্দ স্কুলের প্রশিক্ষণ সমন্বয়ক (টিসি) মেহেরুন নেছাকে সদস্যসচিব করে ১০ সদস্যের কমিটি করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউএনও পোশাকগুলো ক্রয় করে দেন। আসবাব ক্রয়ের জন্য কমিটির সদস্যসচিব মেহেরুন নেছাকে দায়িত্ব দেওয়া হয়।
রোববার সরেজমিনে চারটি স্কুলে গিয়ে বরাদ্দ করা টাকায় কেনা আসবাব পাওয়া যায়নি।
পোশাক ক্রয় কমিটির সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমার কাছ থেকে জোর করে সই নেওয়া হয়েছে। তবে আসবাব কেনা হয়েছে কি না তা জানা নেই। এই বিষয়ে স্কুল প্রশিক্ষণ সমন্বয়ক মেহেরুন নেছা আমার সাথে যোগাযোগ করেননি।’
ইউএনও হাফিজুর রহমান বলেন, আসবাব ক্রয়ের জন্য উপজেলা ক্রয় কমিটি ও স্কুলের প্রশিক্ষণ সমন্বয়কের দায়িত্ব ছিল। তারা আসবাব ক্রয় করেছেন কি না তা জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।