আসবাব না কিনে বিল উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি একটি খামার প্রকল্পের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কার্যালয়ের আসবাবের জন্য এক লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। আসবাব না কিনে ভাউচার দিয়ে গত জুন মাসের শেষ দিকে এই টাকা তুলে নেন কার্যালয়ের সমন্বয়কারী। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্তও ওই কার্যালয়ের জন্য কোনো আসবাব কেনা হয়নি।
প্রকল্প-সংশ্লিষ্টদের সঙ্গে জানা গেছে, মামুন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ভাউচার দিয়ে হিসাবরক্ষণ কার্যালয় থেকে আসবাবের বিল পাস করা হয়। পরে সোনালী ব্যাংকে বিল জমা দিয়ে টাকা তুলে নেওয়া হয়। তাই আর আসবাব কেনা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
মামুন ট্রেডার্সের ব্যবস্থাপক মো. সজীব বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের একজন কর্মচারী দোকানে এসে আসবাব দেখেন। ৫০০ টাকা জমা দিয়ে তিনি একটি ভাউচার নেন। আর মালামাল পরে নেবেন বলে জানান।
একটি সূত্র জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রধান কার্যালয় থেকে রায়পুরের জন্য কয়েক মাস আগে এক লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কার্যালয়ের টেবিল, চেয়ার, আলমারিসহ বিভিন্ন আসবাব কেনার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।
গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের (বিআরডিবি) একটি কক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস করেন। ওই কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের দুটি টেবিল ও ছয়টি চেয়ারই পুরোনো। কিন্তু নতুন কোনো চেয়ার, টেবিল বা কোনো আসবাব নেই।
সোনালী ব্যাংক রায়পুর শাখার একজন কর্মকর্তা জানান, গত জুন মাসের শেষের একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয়ের আসবাব কেনার বিলটি আসে। হিসাবরক্ষণ কার্যালয় থেকে সরকারি কোনো পাস করা বিল এলে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকে।
জানতে চাইলে প্রকল্পের সমন্বয়কারী কুলসুমা আক্তার বলেন, ৩০ জুনের পরে বরাদ্দটি বাতিল হয়ে যাবে, এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে টাকা উত্তোলন করা হয়। কিছুদিনের মধ্যে আসবাব কেনা হবে।
জেলা সমন্বয়কারী আবুল ফজল মিরন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসবাবপত্র কেনা হয়েছে কি না তা আমার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেব।’