আসবাব লুট করে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জংগলীসার গ্রামের জংগলীসার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা চালিয়েছেন স্থানীয় কয়েক ব্যক্তি৷ তাঁরা জমি দখলে নেওয়ার জন্য বিদ্যালয়ের টিনের ঘরের বেড়া ও শ্রেণিকক্ষের আসবাব গত কয়েক দিনে লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ছাড়া গতকাল রোববার তাঁরা বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের মারধর করেছেন৷ এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা এসে তাদের মারধর করে বিদ্যালয়ের সবকিছু নিয়ে যায় এবং তাদের বিদ্যালয়ে না আসার জন্য হুমকি দেয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু জাহের মিয়া ও সদস্য মোখলেছুর রহমান অভিযোগ করেন, কয়েক বছর ধরে জংগলীসার গ্রামের আবদুস সাত্তার, তাঁর ছেলে মমিন মিয়া, গিয়াস উদ্দিনসহ কয়েকজন বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করছেন। জমি দখলের জন্য তাঁরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও এর সরঞ্জাম লুট করিয়েছেন৷ এখন বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে৷
আবদুস সাত্তার মুঠোফোনে দাবি করেন, ওই বিদ্যালয়ের জমি তাঁদের পূর্বপুরুষদের৷ এ জন্য তাঁরা জমি দখলে নিতে চাইছেন৷ তিনি শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন৷ বিদ্যালয়ের আসবাব ও ঘরের বেড়া লুট করার বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন৷ গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দক্ষিণ পাশের ঘরের তিন পাশের বেড়া এবং শ্রেণিকক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিল, দরজা-জানালা ও ব্ল্যাকবোর্ড নেই। একইভাবে পশ্চিম পাশের টিনের ঘরের কক্ষগুলোতেও কোনো আসবাব নেই৷
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাহের মিয়া বলেন, ২০০৪ সালে গ্রামে খাস খতিয়ানের ৩১৯ দাগের ১০ শতক ডোবা ভরাট করে বিদ্যালয় প্রতিষ্ঠা করে স্থানীয় লোকজন। ওই জমি ২০০৬ সালে বিদ্যালয়ের নামে বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু ২০১২ সালে গিয়াস উদ্দিন ও আবদুস সাত্তার বিদ্যালয়ের জায়গা স্থায়ী বন্দোবস্ত নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি৷ সদর থানার ওসি আবদুর রব জানান, বিদ্যালয়ের জমি বন্দোবস্ত নেওয়ার ব্যাপারে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক পক্ষ টিনের বেড়াসহ সব খুলে নিয়ে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে৷