দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের পীরগাছা উপজেলার ৩৯টি ভোটকেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রের ব্যালট পেপার ও বাক্সসহ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব ও পাঠ্যপুস্তকসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট ও পুড়ে গেছে। এর মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন গত শনিবার উপজেলার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
কিন্তু ওই দিন দিবাগত রাতে উপজেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যালট পেপার ও বাক্সসহ সরঞ্জাম লুট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফলে এসব প্রতিষ্ঠানে আসবাবের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পীরগাছার ইউএনও আলেয়া ফেরদৌস জানান, নির্বাচনে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।