আসবাবের দোকানে আগুন, আতঙ্কে একজনের মৃত্যু
চট্টগ্রাম নগরে আগুনে আসবাবের আটটি দোকান ও কারখানা পুড়ে গেছে। এতে অন্তত ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার ভোররাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন-হাটহাজারী সড়কের বালুচরা বাজারে আগুনের এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তি মারা যান। পুলিশের ভাষ্য, আগুন দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, রবিউল আলম (৬০) নামের ওই ব্যক্তি চট্টগ্রাম সেনানিবাসের বেসামরিক কর্মচারী ছিলেন।
চিকিৎসকের বরাত দিয়ে প্রথম আলোকে দেওয়া বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিকের ভাষ্য, আসবাবের দোকানে লাগা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা চট্টগ্রাম সেনানিবাসের মালি রবিউল। এতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বিশু দাসের ভাষ্য, বৈদ্যুতিক ত্রুটির কারণে আজ ভোররাত চারটার দিকে ওই আগুন লাগে। আগুনে আসবাবের আটটি দোকান ও কারখানার মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সকাল আটটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।