আসবাবের মার্কেটে আগুন, আতঙ্কে একজনের মৃত্যু
চট্টগ্রামের বায়েজিদ থানার বালুচরা এলাকায় আগুনে ২৩টি আসবাব ও কাঠের দোকান পুড়ে গেছে। এ সময় আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার ভোর সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, বালুচরার ওই মার্কেটের পাশের ভবনের বাসিন্দা রবিউল আলম (৬০) অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রাম সেনানিবাসের বেসামরিক কর্মচারী ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে বালুচরার ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাকলিয়া বলিরহাট এলাকায়ও গতকাল ভোর চারটার দিকে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এ সময় মো. আজাদ নামের একজন আহত হন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত আজাদকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে পাঠিয়েছেন। আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে দুটি আধা পাকা ও দুটি কাঁচা ঘর ছিল।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের দুটি ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে মোট ২৯ লাখ টাকা। এর মধ্যে শুধু আসবাবের মার্কেটেই আগুনে ক্ষতি হয়েছে ২৫ লাখ টাকা।