আসমা কিবরিয়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রশিল্পী আসমা কিবরিয়া
চিত্রশিল্পী আসমা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল সোমবার সকাল নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ক্যানসার, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। এর মধ্যে গতকাল সকাল ৮টা ১০ মিনিটের দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মা হৃদ্রোগে আক্রান্ত হন। পরে ৯টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আসমা কিবরিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন গভীর শোক প্রকাশ করেছেন। আসমা কিবরিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক জানিয়েছেন। শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ।
গতকাল বাদ আসর আসমা কিবরিয়ার প্রথম জানাজা গুলশানের আজাদ মসজিদে সম্পন্ন হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ অংশ নেন। বাদ মাগরিব বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা হয়। এরপর বনানী কবরস্থানে স্বামী শাহ এ এম এস কিবরিয়ার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসমা কিবরিয়ার জন্ম ১৯৩৭ সালে। তিনি নিউইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে চিত্রকলা নিয়ে পড়াশোনা করেন। সেখান থেকেই চিত্রকলার প্রতি আকৃষ্ট হন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত তাঁর ১১টি একক চিত্র প্রদর্শনী হয়েছিল।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া। কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র নিয়ে আসমা কিবরিয়ার আপত্তি ছিল। কিবরিয়া হত্যার বিচারের দাবিতে ‘শান্তির জন্যে নীলিমা’ নামে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। কিন্তু স্বামী হত্যার বিচার দেখার আগেই চলে গেলেন না ফেরার দেশে।
আসমা কিবরিয়ার মৃত্যুর পর তাঁর চালিয়ে যাওয়া আন্দোলনের কী হবে—এমন প্রসঙ্গে রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘মৃত্যুর কিছুদিন আগে মা বুঝেছিলেন এ দেশে একটা সুষ্ঠু তদন্ত, একটা সুষ্ঠু বিচার হওয়ার সম্ভাবনা খুব কম। এ ধরনের কোনো আন্দোলনের ইচ্ছা আমাদের নেই।’
শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ। আর তাঁদের মেয়ে নাজলী কিবরিয়া বোস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান।