চলে গেলেন আসমা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আসমা কিবরিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার সকাল নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা কিবরিয়া মারা যান। হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাগুফা আনোয়ার এ তথ্য জানিয়েছেন।
সাগুফা আনোয়ার আরও বলেন, আসমা কিবরিয়া দীর্ঘদিন ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তিনি বাসায় চলে যান। এরপর শনিবার তাঁকে আবার হাসপাতালে আনা হয়। তাঁর হৃৎপিণ্ডে কয়েক দফায় বাইপাস সার্জারি করা হয়েছিল। তিনি স্তন ক্যানসারেও ভুগছিলেন, যা তাঁর লিভার ও হাড়ে ছড়িয়ে পড়েছিল। দুপুর সোয়া ১২টার দিকে তাঁর লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
আসমা কিবরিয়ার মরদেহ তাঁর গুলশান-২-এর ৫৫ নম্বর রোডের ২০ নম্বর বাসায় রাখা হয়েছে।
আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে তাঁর মায়ের হার্ট অ্যাটাক হয়। এরপর ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
রেজা কিবরিয়া আরও জানান, আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার প্রথম এবং বাদ মাগরিব দ্বিতীয় জানাজা হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৩৭ সালে জন্ম নেওয়া আসমা নিউইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে চিত্রকলা নিয়ে পড়াশোনা করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া। কিবরিয়া আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে অর্থমন্ত্রী ছিলেন।
শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ। আর তাঁদের মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক।
কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র নিয়ে আসমা কিবরিয়ার আপত্তি ছিল। অর্থমন্ত্রী কিবরিয়ার হত্যার বিচারের দাবিতে ‘শান্তির জন্যে নীলিমা’ নামে এক প্রতিবাদ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি।