আসমানীকে ঢাকায় স্থানান্তর
পল্লীকবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীকে (৯০) গতকাল বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। আসমানীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাখাল চন্দ্র বর্মণ গতকাল বিকেলে জানান, আসমানীর শারীরিক অবস্থা স্থিতিশীল। অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখার প্রয়োজন হবে। এই সুযোগ ফরিদপুরে নেই। তাই তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াৎ মোস্তফা জানান, বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসমানীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে পাঠানো হয়। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আসমানীর চিকিৎসার জন্য ‘আসমানী সহায়তা তহবিল’ গঠন করা হয়েছে। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানীকে নিয়ে পল্লীকবি জসীমউদ্দীন তাঁর আসমানী কবিতাটি রচনা করেন।