আসমানীর অবস্থা অপরিবর্তিত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পল্লীকবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীর অবস্থা অপরিবর্তিত। তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন। নলের সাহায্যে তাঁকে তরল খাবার খাওয়ানো হচ্ছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শফিউল্লাহ গতকাল সোমবার রাতে প্রথম আলোকে জানান, আসমানীর সিটিস্ক্যান করা হয়েছে। এতে তাঁর স্ট্রোক করার বিষয়টি ধরা পড়েছে। তিনি অচেতন অবস্থায় আছেন। বয়সের বিবেচনায় তিনি শঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বা দেশের বাইরে নেওয়া যেতে পারে।ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, গত দু-এক দিনে আসমানীর আরেকটি ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে। তিনি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন।আসমানী অসুস্থ হয়ে পড়লে গত শনিবার সকালে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে সেখান থেকে রোববার দুপুরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, আসমানীর চিকিৎসাসেবার জন্য শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজের তহবিল থেকে ৫০ হাজার টাকা দিয়েছেন।ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানীকে নিয়ে পল্লীকবি জসীমউদ্দীন ‘আসমানী’ কবিতা লেখেন।