আসমানীর শারীরিক অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পল্লীকবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীর (৯০) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর চিকিৎসায় সাত সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের মেডিসিন বিভাগের দুই নম্বর ইউনিটে বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল আলমের তত্ত্বাবধানে আসমানীর চিকিৎসা চলছে। তৌহিদুল আলমের সুপারিশে গতকাল মঙ্গলবার সকালে মেডিকেল টিমটি গঠন করা হয়। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মো. ইউসুফ আলীকে এই টিমের সভাপতি করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন—কার্ডিওলজি বিভাগের মো. ইউনুস আলী, সার্জারি বিভাগের রতন কুমার সাহা, গাইনি বিভাগের জেবুন্নেসা পারভীন, রেসপাইরেটরি মেডিসিন বিভাগের রাখাল চন্দ্র বর্মন, নিউরোলজি বিভাগের আহমেঞ্চদ মানাবীর হোসেন ও মেডিসিন বিভাগের তৌহিদুল ইসলাম।মেডিকেল টিমের সদস্য রাখাল চন্দ্র বর্মন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মঙ্গলবার (গতকাল) আসমানীর অবস্থার কিছুটা অবনতি হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, আসমানীর মস্তিস্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে মেডিকেল টিম সভায় বসে ব্যবস্থাপত্র দিয়েছে। এই চিকিৎসা কাজে আসছে কি না, তা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর বোঝা যাবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শফিউল্লাহ জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ ফরিদপুরের কোথাও নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র—আইসিইউ সুবিধা নেই। তাই কাল (আজ বুধবার) মেডিকেল টিম আবার সভায় বসে উন্নত চিকিৎসার জন্য আসমানীকে ঢাকায় স্থনান্তরের সুপারিশ করতে পারে। আসমানী অসুস্থ হয়ে পড়লে গত শনিবার তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রোববার তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানীকে নিয়ে পল্লীকবি জসীমউদ্দীন তাঁর ‘আসমানী’ কবিতাটি লেখেন।