আসমার খুনিদের গ্রেপ্তারের দাবিতে হাজার হাজার লোকের বিক্ষোভ
সাতক্ষীরার তালা উপজেলায় স্কুলছাত্রী আসমার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১২ হাজার লোক অংশ নেয়। সমাবেশে হত্যাকারীদের গ্রেপ্তারে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।সমাবেশ শেষে তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।গতকাল সকাল থেকে উপজেলার ৩০টি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, বেসরকারি সংস্থার কর্মী, সুশীল সমাজের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ তালা উপজেলা পরিষদের চত্বরে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও স্কুলছাত্রী আসমার ছবি নিয়ে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা পরিষদের চত্বরে ফিরে আসেন। সেখানে নারী নির্যাতন প্রতিরোধ ও আসমা হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।কমিটির আহ্বায়ক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও খান মো. রেজা-উন-নবী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহাজোটের সদস্যসচিব ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক প্রণব ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামরুজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শেখ শফিউল্লাহ, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান ও আসমার বাবা হানেফ আলী মোড়ল।ঘোষ সনৎ কুমার বলেন, পুলিশ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এ জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ইউএনও মো. রেজা-উন-নবী বলেন, যেকোনো মূল্যে এই খুনের ঘটনার বিচারের ব্যবস্থা করা হবে। হানেফ আলী মোড়ল কান্নায় ভেঙে পড়ে মেয়ের খুনিদের বিচার চান।বক্তারা আরও বলেন, তিন দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।১৫ জুন তালা জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আসমাকে পার্শ্ববর্তী জিয়ালা নলতা গ্রামের আরমান নিকারী (২২) ও তাঁর সহযোগীরা দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হানেফ আলী মোড়ল বাদী হয়ে আরমান, আরিজ নিকারী, কালাম নিকারী, হাফিজুল নিকারী ও আঠারই গ্রামের সহিদুল মোড়লের বিরুদ্ধে মামলা করেন। বিদ্যালয়ে যাওয়া-আসার সময় আসমাকে প্রায়ই আরমান উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।