আসর ভাঙে আসর বসে
গাইবান্ধায় যাত্রা ও সার্কাসের নামে হাউজি-জুয়া প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে যাত্রা-জুয়ার মঞ্চ ভেঙে দিলে পাশেই নতুন উদ্যমে আবার শুরু হয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, এখনো যাত্রা-সার্কাসের নামে জুয়ার উৎসব চলছে তিনটি উপজেলায়। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার প্রায় তিন লাখ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রসাসনের এক কর্মকর্তা বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা এসব আয়োজনে সরাসরি যুক্ত থাকায় তা রোধ করা যাচ্ছে না। এ ছাড়া মঞ্চ ভাঙতে গেলে পুলিশের সহযোগিতাও পাওয়া যায় না।
জেলা প্রশাসন সূত্র জানায়, সার্কাস ও যাত্রা চালানোর নিয়ম অনুযায়ী জেলা প্রশাসককে লিখিত আবেদন করতে হয়। জেলা প্রশাসন সেটি তদন্তের জন্য পুলিশ বিভাগে পাঠায়। নিরাপত্তার সমস্যা হবে না বলে পুলিশ প্রতিবেদন দিলে জেলা প্রশাসন কিছু শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেয়। এই আইনি প্রক্রিয়ায় যাত্রা ও সার্কাস চালানোর জন্য গত দুই মাসে প্রায় ১২টি আবেদন পড়ে। জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেন, ‘জেলার কোথাও সার্কাস, যাত্রা ও হাউজির অনুমতি দিইনি। খবর পাওয়া মাত্রই ম্যাজিস্ট্রেট পাঠিয়ে যাত্রা জুয়ার মঞ্চ পুড়িয়ে দেওয়া হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত ফেব্রুয়ারির শুরুতে জেলার ৫৬টি স্থানে যাত্রা, সার্কাস ও জুয়ার আসর বসে। পুলিশকে প্রতিদিনই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা এসব শুরু করেন। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসন সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ, পলাশবাড়ি উপজেলার ফকিরহাট, সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ও গাইবান্ধা সদর উপজেলার কালিতলা এলাকার চারটি যাত্রা ও জুয়ার মঞ্চ ভেঙে দেয়। কিন্তু এক এলাকার মঞ্চ ভেঙে দিলে পাশের এলাকায় আবার আসর বসে। সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ, পলাশবাড়ি উপজেলার তালুকজামিরা, সাদুল্যাপুর উপজেলার বড়দাউদপুরে এখনো এসব জুয়ার আসর চলছে।
সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামে দি নিউ সোনার বাংলা সার্কাসের আয়োজক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ আলী বলেন, ‘প্রশাসনের অনুমতি সাপেক্ষে মানুষের বিনোদনের জন্য সার্কাস চালাচ্ছি।’
সুন্দরগঞ্জ থানার ওসি মোজামেঞ্চল হোসেন বলেন, ‘স্থানীয় সাংসদের সুপারিশে জেলা প্রশাসন সার্কাসের অনুমতি দিয়েছে। তাই আমার করার কিছু নেই।’ সাদুল্যাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামে যাত্রা আসরের আয়োজন করেছেন স্থানীয় সাইদার রহমান। তিনি বলেন, বিনোদনের জন্য এর আয়োজন করা হয়েছে।
গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান বলেন, প্রতিটি যাত্রার আসরে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ১০-১২টি মাইকে গান বাজে। মাইকের উচ্চ শব্দে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের পড়ালেখা বিঘ্ন হচ্ছে। জুয়া-হাউজির টাকা জোগাড় করতে এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে।