আসল কারখানায় ভেজাল সার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার অনুমোদিত যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজারের সানরাইজ দস্তা সার কারখানা থেকে তিন হাজার কেজি ভেজাল দস্তা সার ও সারের দানা উজ্জ্বল করার জন্য ব্যবহার করা ৫০০ কেজি বিষাক্ত সোডিয়াম ক্লোরাইড ও ২৫০ কেজি বরিক এসিড জব্দ করে পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ অভিযানের পর কারখানাটি সিলগালা (বন্ধ) করে দেওয়া হয়। সার উৎপাদনের অনুমোদন বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি অর্থনীতিবিদ বদিউল আলম, সার কারখানার অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষ উপপরিচালক (উপকরণ) আজিজুল হক, শস্য উৎপাদন বিশেষজ্ঞ হেমায়েত হোসেন প্রমুখ।উপপরিচালক বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে বলেন, সোডিয়াম ক্লোরাইড মূলত ট্যানারি (চামড়াজাত) শিল্পে ব্যবহার করা হয়। এই রাসায়নিক উপাদান-মিশ্রিত সার ব্যবহারের পর মাটির উপকারী অণুজীব মারা যায়। এতে মাটির গুণাগুণ নষ্ট হয়। পরে ফসলের উৎপাদন ব্যাহত হয়। ওই রাসায়নিক উপাদান ব্যবহারের পর সারের দানা শক্ত ও কিছুটা মসৃণ দেখায়। এ কারণে অসচেতন কৃষকেরা এই সার কিনতে বেশি আগ্রহী হন। ভেজাল সার তৈরি কারখানায় মূলত এ ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয় বলে তিনি জানান।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাটির গুণাগুণ পরীক্ষার জন্য গতকাল সকালে ঢাকা থেকে কৃষি বিভাগের একটি দল যশোরে আসে। মাটির নমুনা সংগ্রহের পর তারা কয়েকটি সার কারখানা পরিদর্শনের জন্য হঠাৎ সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া বাজারসংলগ্ন সানরাইজ দস্তা সার কারখানা পরিদর্শনে যায়। কারখানায় ভেজাল কারবার দেখে ভেজাল সার ও ভেজালের উপাদান ধ্বংসের জন্য অভিযান চালানো হয়। কারখানা এলাকার একটি ডোবার পানিতে ফেলে তা ধ্বংস করা হয়।কারখানার স্বত্ব্বাধিকারী সাবেরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, কৃষি বিভাগের লোকজন সোডিয়াম ক্লোরাইড নামের কোনো পদার্থ পাননি। পেয়েছেন ‘বুরাস’ নামের এক ধরনের কেমিক্যাল (রাসায়নিক পদার্থ), যা সার উৎপাদনের জন্য খুবই ভালো একটি উপাদান। তাঁর এক বন্ধু ওই কেমিক্যাল এই কারখানায় রেখে গেছেন বলে তিনি জানান। কৃষি বিভাগের লোকজনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হওয়ার কারণে লাইসেন্স (অনুমোদন) বাতিল করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।