
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় (ডিবি) থেকে ব্রাহ্মণবাড়িয়ার মো. লিটনকে ফোন করে বলা হয়, তাঁর চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। লিটন পুলিশকে জানান, মাইক্রোবাসটি তাঁর কাছেই আছে। এরপর গত বৃহস্পতিবার তিনি ঢাকায় এসে দেখেন, একই নম্বরের, একই রঙের আরেকটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ব্যবসায়ী ইমদাদুল হকের অভিজ্ঞতা একই রকম। ফোন পেয়ে ডিবির কার্যালয়ে এসে দেখেন, তাঁর গাড়িটির মতো একই নম্বর, একই রঙের আরেকটি গাড়ি। ডিবির কর্মকর্তারা জানান, একটি গাড়িচোর চক্র নির্দিষ্ট মডেলের গাড়ি চুরির পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে সেই রকম আরেকটি গাড়ির আসল মালিকের তথ্যাদি ও কাগজপত্র সংগ্রহ করছে। এরপর ওই কাগজের সঙ্গে মিলিয়ে গাড়ির রং, নিবন্ধন নম্বর, ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করছে। গাড়িটি কেনার আগে ক্রেতা বিআরটিএতে গিয়ে মালিকানাসংক্রান্ত তথ্যগুলো মিলিয়ে নিশ্চিন্ত হলেও কোনোভাবে বুঝতে পারছেন না, তিনি চোরাই গাড়ি কিনছেন। গত এপ্রিলে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর চলতি মাসে এমন নয়টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এপ্রিল মাসে কুড়িল এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে একটি চোরাই কার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এরপর ইসমাইলের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার তদন্তে নেমে তার আগে গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন ও হানিফ মৃধাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। পরে গ্রেপ্তার করে ইমরান ওরফে এমদাদ ওরফে ইমু নামের আরেকজনকে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিআরটিএর অসাধু কর্মীদের মাধ্যমে অন্য গাড়ির আসল মালিকানাসংক্রান্ত তথ্য মালিকের ছবিসহ সংগ্রহ করা হয়। এরপর সেই তথ্য দিয়ে হুবহু একই রকমের আরেক সেট কাগজ তৈরি করা হয়। এ বিষয়ে গত রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ২০-২৫ জন যুবককে নিয়ে দল গঠন করে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি ও ছিনতাই করছিলেন ইসমাইল। তাঁরা বিআরটিএর অসাধু কর্মচারী ও দালালের সাহায্যে অন্য গাড়ির তথ্য বের করে কাগজ তৈরি করছেন। মালিকদের অভিযোগও বিআরটিএর দিকে: টাঙ্গাইলের ব্যবসায়ী ইমদাদুলের গাড়ির তথ্য বের করে যে কাগজ তৈরি করা হয়েছে, সেখানেও রয়েছে ইমদাদুলের ছবি। ছিনতাই হওয়া গাড়িটি দেখিয়ে ইমদাদুল প্রথম আলোকে বলেন, তাঁর গাড়ির সব তথ্য নকল কাগজে লেখা রয়েছে। এমনকি নকল কাগজপত্রে ইমদাদুলের ছবিও বসানো হয়েছে। ইমদাদুল বলেন, ‘বিআরটিএর কর্মীরা জড়িত না থাকলে এ কাজ কখনোই সম্ভব নয়।’ তবে বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, পুলিশ ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সব গাড়ির নিবন্ধন নম্বরসহ যাবতীয় তথ্য দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকেও একটা সংক্ষিপ্ত তথ্যের তালিকা দেওয়া হয়। চোরেরা সেখান থেকেও তথ্য বের করে।