আসল বোতলে নকল হেপাটাইটিস-বি টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামের সংগঠনটির ফেসবুকের পাতা ভরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরনের নির্দেশনা। র‌্যাব বলছে, ভালো কথার বিজ্ঞাপন দিয়ে এই প্রতিষ্ঠানটি আসল টিকার ব্যবহূত বোতলে (অ্যাম্পুল) বাইরে থেকে তরল ভরে হেপাটাইটিস-বি ভ্যাকসিন হিসেবে বিক্রি করছে।

গতকাল সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ রকম ১৫টি টিকাসহ ওই প্রতিষ্ঠানের একজন কর্মীকে আটক করেন। তুষার ইমরান (২১) নামের ওই কর্মীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তুষারের পরিচয়পত্রে পদ ‘বিক্রয় নির্বাহী’ বলে উল্লেখ রয়েছে।

আদালত পরিচালনাকারী র‌্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, তুষার ইমরান স্বীকারোক্তিতে বলেছেন, চার দফায় হেপাটাইটিস-বির টিকা সম্পন্ন হয়। প্রতিবার টিকা দেওয়ার জন্য হেলথ ভিশন ৮০০ টাকা করে নেয়। তারা প্রথম দফায় আসল টিকা দেয়। তখন ওই টিকার খালি বোতলগুলো সংগ্রহ করে রাখে। এরপর সেগুলোতে তরল পদার্থ ভরে পরের তিন দফায় নকল টিকা দিয়ে থাকে। তবে নকল টিকার অ্যাম্পুলের ভেতরের তরল পদার্থ আসলে কী, তা জানা যায়নি।

ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, হেলথ ভিশন বাংলাদেশের চার অংশীদার শুভ হানিফ (২৬), মো. মাসুম (২৮), অ্যানি (২৫) ও বাঁধনের (২০) বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ওয়েবসাইট ও ফেসবুকে পেজ খুলে কয়েকজন তরুণ ‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামের কথিত সংগঠনটি চালাচ্ছিলেন। নিজেদের পেজে তাঁরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সচেতনতার কথা বললেও আসলে তাঁরা জন্ডিস বা হেপাটাইটিস-বির নকল টিকা বিক্রি করেন। ফেসবুকে প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া রয়েছে রাজধানীর পল্লবী এলাকার।

র‌্যাব জানায়, ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে এর উদ্যোক্তারা বিভিন্ন বহুজাতিক সংস্থায় গিয়ে হেপাটাইটিস-বির টিকা দিতে চুক্তিবদ্ধ হতেন। তাঁরা মূলত নকল টিকা দিতেন। একইভাবে গতকাল বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের সফুরা টাওয়ারের ১২ তলায় একটি প্রতিষ্ঠানে টিকা দিতে যান তাঁরা। কয়েকটি টিকা দেওয়ার পর টিকার অ্যাম্পুলের মুখগুলো সুপার গ্লু দিয়ে লাগানো দেখে ওই প্রতিষ্ঠানের কর্মীদের সন্দেহ হয়। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। এরপর সেখানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

ভুয়া হারবাল প্রতিষ্ঠানে অভিযান: ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যাব-৩-এর একটি দল রামপুরা এলাকায় ‘গ্রিন লাইফ হারবাল’ নামে কথিত একটি চিকিৎসা-প্রতিষ্ঠানে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠান থেকে নয় ধরনের অনুমোদনবিহীন কথিত যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, বাড়ির মালিকসহ ১৩ জনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর বাড়ির মালিকসহ বাকিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই না করে ভুয়া প্রতিষ্ঠানকে বাড়িভাড়া দেওয়ার জন্য বাড়ির মালিককে এই শাস্তি দেওয়া হয়েছে।