
তিন বছর হয়ে গেল, মেলা স্থান নিয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। গত বছর শিশু-কিশোরদের স্টল ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবার সেটাও এসেছে উদ্যানের অংশে। তাই বইমেলার প্রকৃত সৌন্দর্যটাও এখানেই। দেশ সেরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন-পুরোনো বইয়ের পসরা সাজিয়েছে এখানেই। আজ মেলার দ্বার খুলবে বেলা ১১টায়।
অমর একুশে গ্রন্থমেলার ১৮ দিন পেরিয়ে গেছে। তবু অনেকের মধ্যে এই ভুলটা রয়ে গেছে। বিশাল লাইন ধরে ঘাম ঝরিয়ে বাংলা একাডেমিতে ঢুকছেন নতুন বইয়ের টানে। অনেক ঘুরে জানলেন, মূল মেলা সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু তখন যে পা আর চলে না!
প্রথমা প্রকাশনের সামনে অটোগ্রাফ দিয়ে ভক্তদের ভিড় সামলাচ্ছিলেন লেখক আনিসুল হক। আনিসুল হক বললেন, দুই পাশে আলাদা না করে শুধু সোহরাওয়ার্দী উদ্যানেই মেলার আয়োজন থাকলে ভালো হতো। পাঠকদের অযথা কষ্ট করতে হতো না। কেননা ভিড়ের দিনগুলোতে বাংলা একাডেমিতে ঢুকে গেলেও কেউ আর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে চাইবে না। একই মন্তব্য করলেন ইমদাদুল হক মিলনও। অনন্যার প্যাভিলিয়নে বসে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি। জানালেন, আজই মেলায় এসেছে তাঁর নতুন উপন্যাস জিন্দাবাহার। অনন্যার প্যাভিলিয়নে দেখা গেল অভিনয়শিল্পী দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীকে। বই নিয়ে চলছিল আলাপ।
মেলায় নিত্যদিন নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার মেলায় এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছড়াকার আলম তালুকদারের দুটি ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ছিলেন কিশোরদের মূল আকর্ষণ। জনপ্রিয় কণ্ঠশিল্পী দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদ এসেছিলেন স্ত্রী ও দুই বাচ্চাকে নিয়ে। জানালেন, দুই ছেলেকে বই কিনে দিতেই মেলায় আসা। ছিমছাম পরিবেশটা ভালো লাগছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার বিন্যাসে বিরক্ত কবি ফরিদ কবির। বললেন, ‘একজন মানুষ এ বিশাল উদ্যানে ঘুরেফিরে ক্লান্ত হয়ে একটু বসবেন, চা খাবেন, গল্প করবেন—সে ব্যবস্থা এখানে নেই। আমার বিশ্বাস, যাঁরা এ মেলা সাজিয়েছেন, তাঁরা অতীতের মেলা দেখেননি। ওই মেলাই ছিল সত্যিকারের প্রাণের মেলা।’ চিত্রশিল্পী হাশেম খান, কবি-স্থপতি রবিউল হোসাইন ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্যকে দেখা গেল দলবেঁধে ঘুরে বেড়াতে। দেখছিলেন বিভিন্ন স্টরের সাজসজ্জা।
কাল মেলায় নতুন বই এসেছে ৯৪টি। বিকেলে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘আহসান হাবীব জন্মশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তারেক রেজা। আলোচনায় অংশ নেন হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, নাসির আহমেদ ও অনু হোসেন। সভাপতিত্ব করেন লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন লতিফুর রহমান ও লায়লা পারভীন। রবিন বসাকের নেতৃত্বে সাঈদ সিদ্দিকীর রচনা ও পরিচালনায় পরিবেশিত হয় পালাগান রূপচাঁন সুন্দরীর পালা।
আজ দিনব্যাপী নানা আয়োজন
অমর একুশে উদ্যাপন উপলক্ষে আজ সকাল ১০টায় গ্রন্থমেলার মূল মঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন সংগীতশিল্পী সুবীর নন্দী।
বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘রাধারমণ দত্ত: মৃত্যুশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শুভেন্দু ইমাম। আলোচনায় অংশ নেবেন মাহফুজুর রহমান, বিশ্বজিৎ রায় ও নৃপেন্দ্রলাল দাশ। সভাপতিত্ব করবেন কবি মোহাম্মদ সাদিক। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী কালিদাস কর্মকারের মাসব্যাপী একক চিত্র প্রদর্শনী চলছে। বিকেল সাড়ে চারটায় একাডেমির মূল বিক্রয় কেন্দ্রের সামনে ভাষাশহীদদের স্মরণে ২১ মিনিটের বাঁশি বাদনের সঙ্গে একটি ছবি আঁকবেন শিল্পী।