আসলাম চৌধুরী আবার রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।
এর আগে দুই দফায় মোট ১৪ দিন আসলাম চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক আসামি আসলাম চৌধুরীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এতে বলা হয়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে আর কে কে রয়েছেন, তা খুঁজে বের করার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু। আসামিপক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়াসহ বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী। পরে আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আসলাম চৌধুরীকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদের প্রতিনিধি’র সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ মে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৬ মে গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করে পুলিশ। এরপর ৩১ মে আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।