আসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজায় গুলিবর্ষণ ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১১ মে চকবাজার প্যারেড মাঠে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াত-শিবির। নগর ছাত্রলীগ তা প্রতিহতের ঘোষণা দেয়। এ সময় প্রতিরোধ করতে আসা ছাত্রলীগের কর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। ছত্রভঙ্গ হয়ে যান পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় চকবাজার থানায় আসলাম চৌধুরীসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামি করে মামলা করে পুলিশ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর গত ১৫ মে আসলাম চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আসলাম চৌধুরীকে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন চকবাজার থানার এসআই শাহ জালাল চৌধুরী। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসলামকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।