আসলাম চৌধুরীকে সংবর্ধনা দিল উত্তর জেলা বিএনপি
বিএনপির যুগ্ম মহাসচিব হওয়ায় আসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইউনুছ চৌধুরী। অনুষ্ঠানে উত্তর জেলা ছাড়াও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আসলাম চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে চট্টগ্রামের মানুষ সব সময় সমর্থন দিয়ে আসছে। তিনি আমাকে যুগ্ম মহাসচিব করে জনসমর্থনের মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা আমার নয়, চট্টগ্রামবাসীর। তাই আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়ার পাশে থাকতে হবে।’
আসলাম চৌধুরী অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই। সাধারণ মানুষ ‘স্বৈরাচারী সরকারের’ যাঁতাকলে পিষ্ঠ। বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাট হয়ে যাচ্ছে। উন্নয়নের নামে দুর্নীতি ও অপশাসন চলছে। দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো সম্প্রদায়ের মানুষ এখন আর নিরাপদ নয়। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে তৃণমূলের সব নেতা-কর্মীকে সম্পৃক্ত করতে হবে।
সভাপতির বক্তৃতায় উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইউনুছ চৌধুরী বলেন, ‘একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া দলকে ঢেলে সাজাচ্ছেন। আগামী দিনে খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দেবেন, তাতে আমাদের তরুণ নেতারা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারবেন।’