আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ
রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপির নেতা আসলাম চৌধুরীর জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আসলাম চৌধুরীর জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
পরে মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় আসলাম চৌধুরীর জামিন আবেদনটি উপস্থাপিত হয়নি (নট প্রেসড) মর্মে খারিজ করেছেন আদালত।
ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে দেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপির নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গত ২৬ মে এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটি করে পুলিশ। গুলশান থানার ওই মামলায় আসলাম চৌধুরীর জামিনের আবেদন গত ২৩ জুন নামঞ্জুর করেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে আসলাম চৌধুরী হাইকোর্টে আবেদন করেন, গতকাল তা খারিজ হলো।