আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদকের আরেক মামলা

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাউথ ইস্ট ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় দেড় শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা হচ্ছে। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইতিমধ্যে কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। দু-এক দিনের মধ্যে মামলাটি হবে বলে জানা গেছে।
আসলাম চৌধুরী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তাঁর স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, ছোট ভাই ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক জসীম উদ্দিন চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং ব্যাংকটির চট্টগ্রামের হালিশহর শাখার সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমান (সাব্বির)।
সূত্র জানায়, পুরোনো জাহাজ আমদানি ও রিসাইক্লিং করতে ২০১০ সালে রাইজিং গ্রুপকে বড় ঋণ দেয় সাউথইস্ট ব্যাংক হালিশহর শাখা। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকটির পাওনা ১৪৮ কোটি টাকার বেশি। এ অর্থ আদায় করতে গত বছরের মার্চে রাইজিং স্টিলের বিরুদ্ধে মামলা করে ব্যাংকটি। মামলায় আসলাম চৌধুরী, জামিলা নাজনিল মাওলা, আমজাদ হোসেন চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরীকে আসামি করা হয়। কিন্তু মামলার ওপর উচ্চ আদালতে স্থগিতাদেশ থাকায় দীর্ঘদিন এ ঋণ আদায়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি ব্যাংকটি।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে চলতি বছরের মাঝামাঝি সময়ে আসলাম চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ভুয়া ঋণপত্রের (এলসি) মাধ্যমে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে প্রায় ৩২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জুলাই মাসে মামলা করে সংস্থাটি। ওই মামলাতেও আসলাম চৌধুরী এবং তাঁর পরিবারের অন্য তিন সদস্যসহ এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে আসামি করা হয়।