আসলাম, মিজান ও বাদলের সম্পদ অনুসন্ধানে দুদক
পুলিশ রিমান্ডে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরী, মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও বেসরকারি আইএফআইসি ব্যাংকের অপসারিত পরিচালক লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের জনসংযোগ বিভাগ অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ ছাড়া রূপালী ব্যাংক থেকে প্রায় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদক সূত্র জানায়, আসলাম চৌধুরীর মালিকানাধীন রাইজিং গ্রুপের একাধিক সিএনজি স্টেশন, লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে। আসলাম চৌধুরীর দুর্নীতি অনুসন্ধানে দুদকের উপপরিচালক নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কথিত বৈঠকের বিষয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে গত রোববার গ্রেপ্তার হন বিএনপির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। সোমবার তাঁকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অগ্রণী ব্যাংকের প্রায় ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এম আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান করবেন দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ।
মিজানুর রহমানের প্রতিষ্ঠান এম আর ট্রেডিং রাজধানীর দিলকুশায় সরকারি জমির ওপর ‘সানমুন স্টার টাওয়ার’ নামে ৩০ তলা একটি ভবন তৈরি করেছিল। সে ক্ষেত্রেও আইন, বিধি, নীতিমালা—কোনোটাই মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। নেওয়া হয়নি সংশ্লিষ্ট কোনো সংস্থার অনুমোদন। ওই ভবন নির্মাণ করে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে একটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।
আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান বাদলের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম ও উপসহকারী পরিচালক সাইদুজ্জামানকে।
ভুয়া ও ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রূপালী ব্যাংকের প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দায়িত্ব দেওয়া হয়েছে উপরিচালক সামছুল আলমকে। ইনডেক্স পাওয়ার এনার্জি, তুরাগ এগ্রিটেক্সসহ ছয়টি কোম্পানি এ অর্থ আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে।