আসলামুল হকের নির্দেশে প্রচারে শিক্ষক-কর্মচারীরা
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই কলেজের কাজ ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কলেজটির প্রায় ২০ জন শিক্ষক এই নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। কলেজে শিক্ষক আছেন প্রায় ১০০ জন।
প্রচারণায় অংশ নেওয়া একাধিক শিক্ষক ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ আসলামুল হকের নির্দেশে শিক্ষক-কর্মচারীরা প্রচারণায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, কলেজের কাজ ফেলে যাওয়ার বিষয়টি কলেজের অধ্যক্ষ দেখবেন। এটি তাঁর দেখার সুযোগ নেই। তবে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন এমন শিক্ষকদের প্রচারণার কাজে যাওয়ার সুযোগ নেই। এমন তথ্য পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে কলেজের শিক্ষকেরা কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। আর সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি কোনো নির্দেশ দেননি। যে যাঁর ইচ্ছায় যেতেই পারেন।
আগামীকাল ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর-২-এ অবস্থিত ওই এলাকার অন্যতম বেসরকারি এই কলেজের শিক্ষক-কর্মচারীরা কয়েক দিন ধরেই মেয়র পদপ্রার্থী আনিসুল হকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গতকাল রোববার দুপুর ১২টার একটু আগে ওই কলেজে গিয়ে দেখা যায়, কিছুসংখ্যক শিক্ষার্থী কলেজের মাঠে গল্প করছেন।
ভেতরে গেলে কলেজের একজন কর্মচারী প্রথম আলোকে জানান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একটি বাসে করে গতকাল সকাল ১০টা ২০ মিনিটের দিকে চলে গেছেন মেয়র পদপ্রার্থী আনিসুল হকের নির্বাচনী প্রচারণায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মচারী প্রথম আলোকে জানান, সাংসদ আসলামুল হকের নির্দেশে শিক্ষক-কর্মচারীরা প্রচারণায় যাচ্ছেন। এর আগে তিনিও অন্যদের সঙ্গে কয়েক দিন আনিসুল হকের পক্ষে প্রচারণায় গেছেন। কিন্তু গতকাল কলেজে দায়িত্বে থাকায় যেতে হয়নি। তিনি জানান, প্রথমে শিক্ষক-কর্মচারীরা যান গাবতলীতে স্থানীয় সাংসদের কার্যালয়ে, নতুবা কল্যাণপুরে। পরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রচারণায় যান। গতকালও শিক্ষক-কর্মচারীরা সেখানে যান।
কলেজের ফটকে একজন ছাত্র জানালেন, সকালে ক্লাস হয়েছে। কয়েক দিন ধরে এখানে শিক্ষকেরা ভাগ ভাগ হয়ে প্রচারণায় চলে যান। তবে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন এমন একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, তিনি গতকাল প্রচারণায় যাননি।
জানতে চাইলে আনিসুল হকের পক্ষে প্রচারণায় যাওয়ার বিষয়টি কলেজ অধ্যক্ষ গোলাম ওয়াদুদ স্বীকার করেন। তবে তিনি প্রথম আলোকে বলেন, কলেজের কাজ ফেলে নয়, কাজ শেষে যাচ্ছেন। আর এ বিষয়ে কাউকে বাধ্য করা হচ্ছে না। ব্যক্তিগতভাবে তাঁরা প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘পেশাজীবী হিসেবে কাউকে সমর্থক করতেই পারি।’ স্থানীয় সাংসদের নির্দেশে ওই সব প্রচারণায় যাননি বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ২২ এপ্রিল মিরপুরের মনিপুর স্কুলে প্রচারণায় যান মেয়র পদপ্রার্থী আনিসুল হক। এই কলেজের পরিচালনা কমিটির সভাপতি হলেন ক্ষমতাসীন দলের ওই এলাকার সাংসদ কামাল আহমেদ মজুমদার।
বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদেরও কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গাজী অলিয়ার রহমান বর্তমানে স্থানীয় মডেল একাডেমি উচ্চবিদ্যালয়ের চেয়ারম্যান। এ স্কুলের একাধিক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ, শিক্ষকেরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বলছেন, অভিভাবকেরা যেন অলিয়ার রহমানকে ভোট দেন।
প্রচারণায় সরকার-সমর্থক শিক্ষকেরা: সরকার-সমর্থক বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উত্তরে মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও দক্ষিণে সরকার-সমর্থক আরেক মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলমের নেতৃত্বে ১৪টি দলে ভাগ হয়ে সরকার-সমর্থক শিক্ষকদের প্রতিনিধিদল রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে ওই দুই প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা সমাবেশও করেছেন।
জানতে চাইলে শাহজাহান আলম বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি অন্তত ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছেন।