আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম সচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন। এর আগে নাশকতার দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হওয়া বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এদিকে এর আগে আজ দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরীর দেওয়া তথ্যে এটা স্পষ্ট যে, তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টি ও মোসাদের সঙ্গে যোগাযোগ করে তিনি দেশে অরাজকতা সৃষ্টি, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সরকারকে অজনপ্রিয় করার মাধ্যমে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় সরকারের কাছে মামলা করার অনুমতি চাওয়া হয়। অনুমতি পাওয়া গেছে। বৃহস্পতিবার মামলাটি রুজু করা হবে।

গত ১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহভাজন) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। পরে গত ২৪ মে তাঁকে আদালতে হাজির করে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দুই মামলায় ডিবি ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত ৩০ মে শুনানির দিন ধার্য করে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আসলাম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের প্রতিটি বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কবার্তা পাঠানো হয়।