আসলে লাশটি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশটি নিয়ে টানাহেঁচড়া চলছিল দুই পরিবারের মধ্যেই। ময়নাতদন্তের পর লাশটি নিয়ে যায় এক পরিবার। চট্টগ্রাম থেকে লাশ নিয়ে দাফনও করা হয় বগুড়ায়। কিন্তু অপর পরিবারটির দাবি, লাশটি তাদের পরিবারের ছোট ছেলের। যারা লাশ নিয়ে গেছে, তারা তাঁর হত্যাকারী। এই অবস্থায় গোলকধাঁধায় পড়েছে পুলিশ। এখন শেষ ভরসা ডিএনএ পরীক্ষার ফল।
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার পরিত্যক্ত একটি ভবন থেকে গত শনিবার দুপুরে এক যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ভবন থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
ময়নাতদন্তের পর লাশটি জনৈক হেলাল মণ্ডল বগুড়ায় নিয়ে যান। লালখান বাজারের বাসিন্দা হেলালের দাবি, এই লাশ তাঁর একমাত্র ছেলে ফজলে রাব্বির (২১)। দুই দিন আগে তিনি নিখোঁজ হন।
একই দিন একই এলাকার ফজলে রাব্বির বন্ধু মো. খোকন সরকারও নিখোঁজ হন। তাঁর পরিবারের দাবি, উদ্ধার হওয়া লাশটি খোকনের।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, খোকন সরকার ও ফজলে রাব্বি নামের দুই যুবক বৃহস্পতিবার থেকে নিখোঁজ। দুই পরিবারই থানায় সাধারণ ডায়েরি করেছে। হেলাল মণ্ডল নামের এক ব্যক্তি লাশটি তাঁর ছেলের বলে নিয়ে গেছেন। পুলিশও লাশটির ডিএনএ পরীক্ষা করেছে।
লালখান বাজারের কয়েকজন বাসিন্দা জানান, শনিবার ময়নাতদন্তের পরই হেলাল লাশটি নিয়ে লালখান বাজারে যান। সেখানে তিনি কোনো জানাজার ব্যবস্থা করেননি। লালখান বাজারে বাঘঘোনা এলাকার পেছনের সড়ক দিয়ে দ্রুত তাঁর গ্রামের বাড়ি বগুড়ায় লাশটি নিয়ে যান তিনি। এ কারণে স্থানীয় ব্যক্তিদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে।
নিখোঁজ খোকনের বোন মমতাজ বেগম বলেন, ‘আমার ভাইয়ের চুল লাল ছিল। তার বাম কানে দুটি ছিদ্র এবং বাম হাতের কনুইয়ের নিচে দাগ ছিল। তার বাম কান, বাম হাত ও মাথার চুল কেটে ফেলা হয়, যাতে শনাক্ত করতে আমাদের সমস্যা হয়।’
খোকনের ভাগনি মিনু আক্তার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মামার লাশ শনাক্ত করি। সেখানে কান্নাকাটিও করেছি। কিন্তু আমার কথা কেউ শোনেনি। পুলিশ মর্গে নিয়ে যাওয়ার পর রাব্বির বাবা লাশটি সেখান থেকে দ্রুত বগুড়ায় নিয়ে যান। তিনি লালখান বাজারে কোনো জানাজার ব্যবস্থা করেননি। জানাজা করলে সেখানে লাশের পরিচয় জানা যেত।’
খোকনের বোন মমতাজ বেগম ও ভাবি নার্গিস আক্তারের দাবি, লাশটি খোকনেরই। আর তাঁর হত্যাকারী হতে পারেন রাব্বি। রাব্বি লুকিয়ে আছেন। হত্যার দায় এড়াতে লাশটি রাব্বির দাবি করে দ্রুত বগুড়ায় নিয়ে দাফন করা হয়েছে। লাশ নেওয়ার সময় লালখান বাজারের বাসা ছেড়ে দিয়েছে তাঁর পরিবার।
তবে হেলাল মণ্ডলের দাবি, লাশটি তাঁর ছেলেরই। এতে সন্দেহের কিছু নেই। তিনি বলেন, ‘আমার ছেলে লম্বা-চওড়া আর খোকন বেঁটে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লালখান বাজার ছেড়ে চলে এসেছি। কারণ, ওই এলাকার পরিস্থিতি ভালো নয়।’
স্থানীয় লোকজনের অভিযোগ, লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় জুয়া ও মাদকের আসর বসে। নিখোঁজ দুই যুবকের বিচরণ ছিল ওই এলাকায়। আরও অনেক যুবক সেখানে আড্ডা দেন। জুয়া ও মাদক থেকে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হতে পারে। তার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, অসামাজিক কর্মকাণ্ড থেকে খুনোখুনি হতে পারে। বিষয়টির তদন্ত চলছে। আর ডিএনএ পরীক্ষার ফল পাওয়া গেলে আদালতের আদেশ নিয়ে দুই পরিবারের ওয়ারিশদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যাঁদের সঙ্গে লাশের ডিএনএ মিলবে, তাঁরাই লাশের মালিক হবেন। যদিও হেলাল মণ্ডল লাশ নিয়ে দাফন করেছেন।