আসল-নকলের মারপ্যাঁচে বৃদ্ধ কারাগারে
চকচকে দেখে খরচ না করে চার মাস ধরে এক হাজার টাকার নোট দুটি ঘরে রেখে দিয়েছিলেন দিনমজুর পর্বত শেখ (৫০)। কিন্তু বর্ষা এসে গেছে আর ঘরের চালও ছিদ্র। তাই বাধ্য হয়ে গত শুক্রবার নোট দুটি নিয়ে টিন কিনতে আসেন দোকানে। তখনই জাল টাকা রাখার দায়ে গ্রেপ্তার হন তিনি। গত শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডের নন্দীগ্রাম সড়কে টিন বিক্রির একটি দোকান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা তিনি। জাল টাকা রাখার অপরাধে থানার উপপরিদর্শক (এসআই) সেরাজুল হক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। শনিবার এই মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের হেফাজতে থাকাকালে শুক্রবার পর্বত শেখের ভাষ্য, প্রায় চার মাস আগে একটি গরু ১২ হাজার টাকায় বিক্রি করেছিলেন তিনি। এর মধ্যে ১০ হাজার টাকা সংসারে খরচ করেছেন। চকচকে দেখে এক হাজার দুটি নোট রেখে দেন। এদিকে বর্ষা এসে গেছে। বসতঘরের চালে ছিদ্র। বৃষ্টি থেকে বাঁচতে আর কোনো উপায় না পেয়ে ওই দুটি নোট নিয়েই শেরপুর বাসস্ট্যান্ডে আসেন। তিনি আরও বলেন, কয়েক দোকান ঘুরে দরদাম করে টিন কিনতেই তিনি শেরপুর বাসস্ট্যান্ডে আসেন। দরদাম শেষে টিনের দোকানদারকে দাম হিসেবে নোট দুটি দিতেই দোকানি সেই দুটি জাল বলেন। পরে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে ধরে নিয়ে আসে। বাড়ির কাউকে তিনি খবরও দিতে পারেননি বলে জানান। তিনি নিজে ওই নোট যে জাল, তা বুঝতে পারেননি বলে দাবি করেন।
থানার পুলিশ জানায়, এমনিতে কাউকে আটক করে থানায় আনা হলে সেই ব্যক্তির আত্মীয়স্বজনদেরও ভিড় করতে দেখা যায়। কিন্তু কেউ এই বৃদ্ধের খোঁজ নিতে থানায় আসেনি।