আসা-যাওয়ার পথের ধারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিদায়ী শিক্ষার্থীরা র্যাগ ডে উপলক্ষে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের খেলায় মেতে ওঠেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিদায়ী শিক্ষার্থীরা র্যাগ ডে উপলক্ষে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের খেলায় মেতে ওঠেন

গান, আড্ডা আর উচ্ছ্বাসে কেটে গেল একটি দিন। প্রিয় অঙ্গন ছেড়ে চলে যেতে হবে কাউকে। আবার কারও কাছে দিনটি ছিল পথচলার শুরু। আনন্দের পাশাপাশি শোনা গেল দীর্ঘশ্বাসও। তবে সবার সামনেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সে কারণেই বাঁধ ভাঙা আনন্দ যেন শেষমেশ ভাসিয়ে দিয়ে গেল সবাইকে।
চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় উৎসব ও ২২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানজুড়ে ছিল কেবলই উচ্ছ্বাস। ১৬ জুন বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয় আইন অনুষদে। এখানেই শেষ নয়, বিদায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস মাতাতে ২১ জুন আয়োজন করেছিলেন র‌্যাগ ডে।
আইন অনুষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে কাজ করছেন। শিক্ষার্থীদের আইন পেশায় নিয়োজিত থেকে দেশের নির্যাতিত লোকজনকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। আইন বিভাগের সভাপতি নির্মল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, মু. জাফর উল্লাহ তালুকদার, এ বি এম আবু নোমান, সাঈদ আহসান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন, ‘কফি হাউসের সেই আড্ডাটা’ গানটি। এরপর শিক্ষার্থীরা একে একে ‘আমি তারায় তারায় রটিয়ে দেব’, ‘বাউল মন’, ইত্যাদি গান পরিবেশন করেন। ঈশি ত্রিপুরার আদিবাসী নাচ সবার মন ছুঁয়ে যায়।
বিদায়ী ব্যাচের র‌্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীর শোভাযাত্রায় অংশ নেন। রঙের খেলায় মেতে ওঠেন সবাই। ব্যান্ড দল উইয়ার্ডের পরিবেশনায় বিদায়ী শিক্ষার্থীরা নেচে-গেয়ে তাঁদের বিদায়ক্ষণকে স্মরণীয় করে তুলেছিলেন।
উইয়ার্ড একে একে ‘তুমি কভু’, ‘চাইতে পারো’, ‘তুমি কি সাড়া দেবে’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে। ব্যান্ড দলের শেষ পরিবেশনা ‘দেখা হবে বন্ধু’ গানটি যেন বিষাদের সুর ছড়িয়ে দিল চারপাশে। বিশ্ববিদ্যালয়জীবন। বিদায়ের রাগিণী তাই বাজবেই। তবে সামনে তো নতুন একটা পৃথিবী। তাকেও যে আবিষ্কার করা চাই।