আসাদ অ্যাভিনিউর ফুটপাত যেন গণশৌচাগার!
আসাদ অ্যাভিনিউ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের ফুটপাতে খানিক পরপর ভাসমান ও পথচলতি লোকজন মূত্রত্যাগ করায় দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। এ ছাড়া ফুটপাতে গড়ে ওঠা নানান ধরনের অবৈধ স্থাপনার কারণেও তারা চলাচলে বিড়ম্বনায় পড়ছে। অথচ এ সড়কে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় আছে।
গত বুধবার দেখা যায়, আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী, সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দেয়াল ঘেঁষে ফুটপাতে অন্তত ১০ জায়গায় লোকজন মূত্রত্যাগ করছে। স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এমন অরাজক অবস্থা নিয়ে বিরক্ত অভিভাবক ও আসা লোকজন। বিশেষ করে নারী পথচারীরা নাক চেপে বিরক্তি নিয়ে হেঁটে যাচ্ছেন।
সন্তানকে স্কুল থেকে নিতে আসা একজন অভিভাবক বলেন, ‘সভ্য দেশে এসব মেনে নেওয়া যায় না। যেখানে লোকজন রাস্তার ওপরে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন।’
মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর খানিক সামনে ফুটপাতের ওপরে কোমরসমান উঁচু দেয়াল তুলে তিনটি প্রস্রাবের জায়গা বানানো হয়েছে। ছাদ ও দরজা ছাড়া এসব প্রস্রাবখানায় লোকজন প্রস্রাব করছে। চারপাশে ছড়িয়ে পড়ছে উৎকট গন্ধ।
২০১১ সালে বেসরকারি সংস্থা নগর গবেষণা কেন্দ্র পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, ঢাকায় প্রতিদিন প্রায় ৫৫ লাখ মানুষের গণশৌচাগার ব্যবহারের চাহিদা রয়েছে। দুই সিটি করপোরেশনের ৬৯টি গণশৌচাগার থাকলেও তার মধ্যে মাত্র ৪৭টি ব্যবহার উপযোগী বলে ওই গবেষণায় বলা হয়। তবে এর মধ্যে বেশির ভাগই নারী, প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী নয়। এ ছাড়া শহরে আছে কয়েক লাখ ভাসমান মানুষ। যারা রাস্তার ধারে, পার্কে মলমূত্র ত্যাগ করে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে একটি গণশৌচাগার আছে। তবে সেখানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা নেই। শুধু পুরুষদের জন্য মলমূত্র ত্যাগ ও গোসলের সুযোগ আছে। কিন্তু পুরো শৌচাগার অপরিষ্কার, নোংরা। কেউ প্রস্রাব করলে তিন টাকা, পায়খানা করলে পাঁচ টাকা ও গোসলের জন্য আট টাকা আদায় করা হচ্ছে। এটি সিটি করপোরেশন-নির্ধারিত হারের চেয়ে বেশি।
এই সড়কেই টাউন হল ক্যাম্পের মার্কেটে গড়ে ওঠা মোটরসাইকেল ও গাড়ি মেরামতের দোকানের সব কাজই করা হচ্ছে ফুটপাতের ওপরে। গাড়ির যন্ত্রাংশ ঝালাই, মোটরসাইকেল সারাই ও ধোয়াসহ যাবতীয় কাজই হচ্ছে ফুটপাত বন্ধ করে। ফলে পথচারীরা ফুটপাতের বদলে মূল সড়ক দিয়েই হাঁটছে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের গণশৌচাগারটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের টয়লেটটি এখান থেকে সরিয়ে পরিবর্তিত জায়গায় সম্পূর্ণ নতুন করে বানানোর পরিকল্পনা আছে। নারীদের ব্যবহার উপযোগী ও আধুনিক সুবিধাসহ বানানো হবে। আর যত্রতত্র লোকজনের প্রস্রাব করা ঠেকাতে এলাকার লোকজনকে সতর্ক করা হচ্ছে।