আসাদ দিবস পালিত
বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শুক্রবার পালিত হয়েছে শহীদ আসাদ দিবস।গতকাল সকাল নয়টার দিকে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ-সংলগ্ন আসাদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আসাদ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিকেলে সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আসাদ দিবস উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) সকাল আটটার দিকে আসাদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে স্মরণসভা করে। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এ ছাড়া জাতীয় ছাত্রদল, জাতীয় গণতান্ত্রিক লীগ আলাদা আলাদাভাবে আসাদ দিবস পালন করে।স্বৈরশাসক আইয়ুববিরোধী ১১ দফা আন্দোলন চলাকালে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পূর্ব পাকিস্তানের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আসাদ ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।