চট্টগ্রামে মানববন্ধন, গাড়িতে আগুন-ভাঙচুর
আসাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগ দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে নগরে গতকাল রোববার দুপুরে তিনটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে সকালে হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা নগরে মানববন্ধন ও মিছিল করেন। সন্ধ্যায় সাধারণ ছাত্রছাত্রীদের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র হত্যার বিচার, উপাচার্য আবু ইউসুফের পদত্যাগসহ সাত দফা দাবি জানানো হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিশ্ববিদ্যালয়গামী একটি বাসে কিছু ছাত্র আগুন দেন। তাঁরা গাড়ির চালক সাইফুলকে মারধর করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। একই সময়ে নগরের চকবাজারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী দুটি বাসে ছাত্ররা ভাঙচুর চালান। বাসটি ক্যাম্পাস থেকে শহরে আসছিল। একাধিক শিক্ষক জানান, ছাত্ররা বাস দুটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে দুটি বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে বাসযাত্রী কোনো শিক্ষক আহত হননি বলে জানা যায়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র নিউমার্কেট থেকে বিশ্ববিদ্যালয়গামী একটি বাসে ওঠে। বাসটি মুরাদপুর এলাকায় পৌঁছালে বাসের ছাত্ররা চালকের সঙ্গে বাগিবতণ্ডা শুরু করে। মুরাদপুরে আরও কিছু ছাত্র বাসটি থামিয়ে চালককে মারধর করে বাসে আগুন দেয়।আসাদ হত্যার প্রতিবাদে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র পদত্যাগের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তাঁরা মিছিল বের করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রছাত্রী অংশ নেন। কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রী পরিষদ ছাড়াও রাজবাড়ী ছাত্রকল্যাণ পরিষদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ব্যানার ছিল। আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, আসাদ হত্যার বিচারের দাবিতে গতকাল তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার সাওরাইলে মৌন মিছিল ও সভা হয়েছে। রাজবাড়ী জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাওরাইল ছাত্র সমিতি, পাংশা উপজেলার মৃগী ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এলাকাবাসীর ব্যানারে বিকেলে স্থানীয় মৃগী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা আসাদের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত শুক্রবার বিকেলে আসাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আগের দিন বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে।