আসাদগেট নিউ কলোনিতে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদগেট নিউ কলোনিতে বসবাসকারীদের উচ্ছেদ করতে গতকাল সন্ত্রাসীরা হামলা চালায় l প্রথম আলো
আসাদগেট নিউ কলোনিতে বসবাসকারীদের উচ্ছেদ করতে গতকাল সন্ত্রাসীরা হামলা চালায় l প্রথম আলো

রাজধানীর আসাদগেট নিউ কলোনির বাসিন্দাদের একাংশের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সরকারদলীয় স্থানীয় কিছু নেতা-কর্মী এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন কলোনির বাসিন্দারা।
নিউ কলোনিতে পুরোনো সাতটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। কলোনির বাসিন্দাদের একটি অংশ এর প্রতিবাদ জানিয়ে আসছে।
গতকাল ঘটনাস্থলে গেলে বাসিন্দাদের কয়েকজন অভিযোগ করেন, বেলা পৌনে একটার দিকে মোটরবাইকে করে প্রায় ৩০ জন যুবক অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা লাঠি, তালা, সাইকেলের চেইন দিয়ে বাসিন্দাদের পেটাতে থাকেন। তাঁদের বসার প্রায় ৩০টি চেয়ার, চা খাওয়ার কাপ-পিরিচও ভেঙে ফেলা হয়। পরে ভাঙা জিনিসপত্র ভ্যানগাড়িতে তুলে নিয়ে হামলাকারীরা চলে যান।
হামলার শিকার মাকসুদা খানম অভিযোগ করেন, বাদশা নামের এক হামলাকারী তাঁর গায়ে পিস্তল ঠেকিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত অন্য নারীদের ওপরও হামলা চালান। ঘটনাস্থলে উপস্থিত একটি অনলাইন পত্রিকার দুজন সাংবাদিকও এ সময় আহত হন। মাকসুদা খানম বলেন, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতার নির্দেশে তাঁদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঘটনার পর বেলা চারটার দিকে মোহাম্মদপুর থানায় গেলে তাঁদের মামলা নেওয়া হয়নি। কর্তব্যরত কর্মকর্তা তাঁদের বলেছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি মিটিংয়ে ব্যস্ত আছেন। তিনি দুই ঘণ্টা পর এসে মামলার এজাহার দেখে মামলা নেবেন। তবে পুলিশ সূত্রে জানা যায়, নিউ কলোনির বাড়িগুলো ভাঙার জন্য দরপত্রের কাজ শেষ হয়েছে। সেখানে ঠিকাদারের কর্মচারীরা কাজের জন্য ঘর তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ হয়।
রাত আটটার দিকে এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, ‘ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ বারী বলেন, ‘আমি হামলার সময় সেখানে ছিলাম না। হামলার ব্যাপারে কিছুই জানি না। নিউ কলোনির বাড়িগুলো সরকারের সম্পত্তি। এগুলো দেখভালের দায়িত্বও সরকারের। আমি কিছু বলতে পারব না।’
আসাদগেট নিউ কলোনি পুরোনো সাতটি ভবন ভেঙে নতুন ভবন তৈরি করার সিদ্ধান্ত নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রথম থেকেই এ বরাদ্দ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিউ কলোনি এলাকার বাসিন্দাদের একাংশ। এসব ভবনে সরকারি চাকরিজীবী ও বসবাসকারীদের ফ্ল্যাট দেওয়া হবে। এর বাইরে কলোনিতে বসবাসকারী ৩৬ জনকে সম্প্রতি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দপত্র দেওয়া হয়।